মন্ত্রীসভায় ছয়জনের প্রবেশ, একজনের পদোন্নতি
- আপডেট সময় : ০৩:৩১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
- / 134
বিএনপি সরকার গঠনের ছয় মাসের মাথায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় রদবদল ও সম্প্রসারণ করা হয়েছে। নতুন করে তিনজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন। পাশাপাশি একজন প্রতিমন্ত্রী পদোন্নতি পেয়ে মন্ত্রী হয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ পড়ান।
নতুন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য আবদুল মঈন খান, বান্দরবান-নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ। এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত পদোন্নতি পেয়ে মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
আবদুল মঈন খান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-২ আসন থেকে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন আবদুল মঈন খান। ২০০৯ সালের ডিসেম্বরে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য হন তিনি।
মঈন খান ১৯৪৭ সালের ১ জানুয়ারি নরসিংদীর পলাশ উপজেলার চরনগরদী গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা আবদুল মোমেন খান এবং মা খোরশেদা বেগম। আবদুল মোমেন খান জিয়াউর রহমানের সরকারের খাদ্যমন্ত্রী ছিলেন।
বাবার হাত ধরেই মঈন খানের রাজনীতিতে হাতেখড়ি। খালেদা জিয়ার সরকারের সময়ে ২০০১ থেকে ২০০২ সাল পর্যন্ত তিনি তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
সাচিং প্রু জেরী
বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য। তিনি বিএনপির বান্দরবান জেলা শাখার আহ্বায়কের দায়িত্বেও রয়েছেন।
১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। দীর্ঘ রাজনৈতিক জীবনে ২০০১, ২০০৯ ও ২০১৮ সালের নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেন। সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আবারও সংসদ সদস্য নির্বাচিত হন।
সাচিং প্রু জেরী বান্দরবান সদর উপজেলা ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন।
১৯৫৩ সালের ১৫ জানুয়ারি বান্দরবান পৌরসভার ক্যাংভিটা এলাকায় তার জন্ম। তার বাবা অং শৈ প্রু চৌধুরী ছিলেন বোমাং সার্কেলের রাজা। তিনিও সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। সাচিং প্রু জেরীর মামি মা ম্যা চিং সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য।
আন্দালিভ রহমান পার্থ
বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ। বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে তার দল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়। নির্বাচনে ভোলা-১ আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।
২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন পার্থ।
১৯৭৪ সালের ২০ এপ্রিল তার জন্ম। তার বাবা নাজিউর রহমান মঞ্জু ১৯৮৬ সালে এরশাদ সরকারের সময়ে সংসদ সদস্য ছিলেন। তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন এবং ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ছিলেন। ২০০০ সালে নাজিউর রহমান মঞ্জু বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) প্রতিষ্ঠা করেন।
এম রশিদুজ্জামান মিল্লাত
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা এম রশিদুজ্জামান মিল্লাত বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ। তিনি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সভাপতির দায়িত্বেও রয়েছেন। এর আগে তিনি জামালপুর জেলা বিএনপির সভাপতি ছিলেন।
২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে নির্বাচিত হয়ে দ্বিতীয়বারের মতো সংসদে যান।
১৯৬১ সালের ১৪ জানুয়ারি জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর শহরের কালিকাপুর গ্রামে তার জন্ম।
হুমায়ুন কবির
হুমায়ুন কবির প্রতিমন্ত্রীর মর্যাদায় পররাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টার দায়িত্ব পালন করছেন।
২০২৫ সালের ২২ অক্টোবর তিনি বিএনপির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিকবিষয়ক) হন।
লন্ডনের মেয়রের দপ্তরে ‘কৌশল সহকারী’ হিসেবে কাজ করেছেন হুমায়ুন কবির। পরে লিউইশাম এক্সিকিউটিভ মেয়রের কার্যালয়ে কেবিনেট উপদেষ্টার দায়িত্ব পালন করেন।
তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সাসেক্স থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতক (সম্মান) ডিগ্রি অর্জন করেন। এছাড়া লন্ডন স্কুল অব ইকোনমিকস অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স, ইউনিভার্সিটি অব কেমব্রিজ এবং লিডস ল স্কুল থেকে তিন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
হুমায়ুন কবিরের জন্ম সিলেটের ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের হাবশপুর গ্রামে।
শামীম কায়সার লিংকন
গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন ২০০৬ সালের উপনির্বাচনেও সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
১৯৮০ সালের ২৩ ফেব্রুয়ারি তার জন্ম। তার বাবা আবদুল মোত্তালিব আকন্দ এবং মা আফরোজা আনার বিলকিস। আবদুল মোত্তালিব আকন্দ ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার মৃত্যুর পর ওই আসনের উপনির্বাচনে লিংকন সংসদ সদস্য নির্বাচিত হন।
লিংকন ১৯৯৫ সালে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি এবং ১৯৯৭ সালে ঢাকা কলেজ থেকে এইচএসসি পাস করেন। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ২০০৩ সালে বিবিএ এবং ২০০৬ সালে এমবিএ সম্পন্ন করেন। পরে মালয়েশিয়ার আইআইএফ থেকে আইসিটিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। এছাড়া এনআইআইটি থেকে ২০০০ সালে দুই বছর মেয়াদি ‘নেটওয়ার্ক ফাইন্যান্স অ্যান্ড এমআইএস’ বিষয়ে ডিপ্লোমা সম্পন্ন করেন।














