এনইসির ‘জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা’ পেলেন এটিএম তুরাবসহ পাঁচ শহীদ সাংবাদিকের পরিবার
- আপডেট সময় : ০৯:৩৫:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
- / 95
জুলাই গণ-অভ্যুত্থানের উত্তাল দিনগুলোতে সত্য তুলে ধরার দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশের গুলিতে প্রাণ হারান সিলেটের তরুণ সাংবাদিক, দৈনিক জালালাবাদ-এর স্টাফ রিপোর্টার এটিএম তুরাব। তাঁর সেই আত্মত্যাগের প্রতি রাষ্ট্রীয় ও পেশাগত শ্রদ্ধার প্রতীক হয়ে উঠল ‘জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা’। ন্যাশনাল এডিটরস কাউন্সিল (এনইসি) আয়োজিত অনুষ্ঠানে শহীদ এটিএম তুরাবসহ আন্দোলনে নিহত পাঁচ সাংবাদিকের পরিবারের হাতে সম্মাননা ক্রেস্ট ও এক লাখ টাকা করে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়েছে।
রোববার, ১৯ জুলাই দুপুরে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে ‘জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা’ অনুষ্ঠানের আয়োজন করে এনইসি। অনুষ্ঠানে এটিএম তুরাবের পরিবারের পক্ষে সম্মাননা গ্রহণ করেন দৈনিক জালালাবাদ-এর সম্পাদক এবং এনইসির নির্বাহী সদস্য মুকতাবিস-উন-নূর।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণমাধ্যমের প্রধান দায়িত্ব ক্ষমতাকে জবাবদিহির আওতায় রাখা এবং মানুষের পক্ষে সত্য তুলে ধরা। তিনি বলেন, অতীতে অনেক গণমাধ্যম সেই দায়িত্ব যথাযথভাবে পালন না করে ক্ষমতাসীনদের তোষণেই ব্যস্ত ছিল। ভবিষ্যতে স্বাধীন, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার বিকাশে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, রাজনীতি, প্রশাসন ও গণমাধ্যম-সব ক্ষেত্র থেকেই তোষামোদির সংস্কৃতি দূর করতে হবে। এ জন্য প্রয়োজন মৌলিক পরিবর্তনের মানসিকতা। জুলাই সনদের আলোকে সংস্কারের যে অঙ্গীকার করা হয়েছে, তা বাস্তবায়নে বিএনপি কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।
সভাপতির বক্তব্যে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেন, দেশে যেন আর কখনো স্বৈরাচারী বা ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি না ঘটে, সে লক্ষ্যেই ন্যাশনাল এডিটরস কাউন্সিলের যাত্রা। তিনি বলেন, রাজধানীর পাশাপাশি দেশের প্রত্যন্ত অঞ্চলের সম্পাদকদেরও এই সংগঠনে সমান গুরুত্ব দেওয়া হবে।
এনইসির যুগ্ম সম্পাদক আবদুল হাই শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রতিদিনের বাংলাদেশ-এর সম্পাদক মারুফ কামাল খান। বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গণি চৌধুরী, দ্য ডেইলি ওয়াদার-এর সম্পাদক শফিকুল আলম, নয়া দিগন্ত-এর সম্পাদক সালাহউদ্দিন মুহাম্মদ বাবর, নিউ নেশন-এর সম্পাদক মোকাররম হোসেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল বাছির এবং দৈনিক জালালাবাদ-এর সম্পাদক মুকতাবিস-উন-নূর।
অনুষ্ঠানে শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়ের মা সামসি আরা জামান এবং শহীদ সাংবাদিক হাসান মেহেদীর স্ত্রী ফারহানা ইসলাম পপিও স্মৃতিচারণ ও অনুভূতি ব্যক্ত করেন।
























