পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী
- আপডেট সময় : ১২:১১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
- / 113
জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী।
সোমবার (১৩ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে কণ্ঠভোটে ছয়টি সংসদীয় স্থায়ী কমিটি গঠনের প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সম্মতিক্রমে চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি কমিটিগুলোর সদস্য ও সভাপতিদের নামসংবলিত প্রস্তাব সংসদে উত্থাপন করেন। পরে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে কণ্ঠভোটে প্রস্তাবগুলো অনুমোদিত হয়।
জাতীয় সংসদের কার্যপ্রণালি অনুযায়ী, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা, বিভিন্ন নীতিগত বিষয়ে সুপারিশ প্রদান, আন্তর্জাতিক সম্পর্ক-সংক্রান্ত বিষয়সমূহে সংসদীয় নজরদারি এবং জবাবদিহি নিশ্চিত করার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে।
নবনিযুক্ত সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী সংরক্ষিত নারী আসনে বিএনপির সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনীতিতে সক্রিয় হওয়ার আগে তিনি দেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি টেলিযোগাযোগ প্রতিষ্ঠানে ডেপুটি প্রধান নির্বাহী কর্মকর্তা (ডেপুটি সিইও) হিসেবে দায়িত্ব পালন করেন।
উচ্চশিক্ষায়ও রয়েছে তাঁর উল্লেখযোগ্য অর্জন। তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লিংকন থেকে বার-অ্যাট-ল (ব্যারিস্টারি) ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিজনেস স্কুল থেকে সিনিয়র এক্সিকিউটিভ লিডারশিপ বিষয়ে বিশেষায়িত প্রশিক্ষণ সম্পন্ন করেন।
রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী মৌলভীবাজার ১ (বড়লেখা-জুড়ী) আসনে চারবারের সাবেক সংসদ সদস্য এবং সাবেক খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী মরহুম অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরীর কন্যা। তাঁর নেতৃত্বে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির কার্যক্রম আরও গতিশীল হবে বলে রাজনৈতিক মহলে প্রত্যাশা করা হচ্ছে।
























