পরিবার পরিকল্পনা কার্যক্রমে মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ উপজেলা রাজনগর
- আপডেট সময় : ১০:৪৪:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
- / 63
পরিবার পরিকল্পনা কার্যক্রমে সাফল্যের স্বীকৃতিস্বরূপ মৌলভীবাজার জেলার সাতটি উপজেলার মধ্যে শ্রেষ্ঠ উপজেলা হিসেবে নির্বাচিত হয়েছে রাজনগর। বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সোমবার (১৩ জুলাই) আয়োজিত এক অনুষ্ঠানে এ স্বীকৃতির ঘোষণা দেওয়া হয়।
বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে ‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে রাজনগর উপজেলা মাল্টিপারপাস হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে শ্রেষ্ঠ কর্মীদের মধ্যে সনদপত্র, ক্রেস্ট ও গাছের চারা বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক আবদুল লতিফ মোল্লা। স্বাগত বক্তব্য দেন রাজনগর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিপন চন্দ্র দাস।
উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের পরিকল্পনা সহকারী বিউটি দে ও মোজ্জামেল হকের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন মৌলভীবাজার জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক জসিম উদ্দিন ভূঁইয়া, সহকারী পরিচালক চৌধুরী রাজীব মোস্তফা, ডা. সুবিমল চন্দ্র, রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়া, বেসরকারি উন্নয়ন সংস্থা সীমান্তিকের প্রতিনিধি সাইদুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হুসেন শাহ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম রাব্বানী খান, জামায়াতে ইসলামী রাজনগর উপজেলা আমির আবুর রাইয়ান শাহীন, রাজনগর প্রেসক্লাবের সহ-সভাপতি শংকর দুলাল দেব এবং কামারচাক ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মামুনুর রশীদ।
অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদানের জন্য কিশোর কুমার দেব, জান্নাতুল নাহার শিউলি ও ইতি চক্রবর্তীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীকে শ্রেষ্ঠ কর্মী হিসেবে সম্মাননা প্রদান করা হয়। তাদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও গাছের চারা তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও গতিশীল করতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যম ও সামাজিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। জেলার শ্রেষ্ঠ উপজেলা হিসেবে রাজনগরের এই স্বীকৃতি ভবিষ্যতেও উন্নত সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আরও উৎসাহিত করবে।
জেলার সাতটি উপজেলার মধ্যে পরিবার পরিকল্পনা কার্যক্রমে এ অর্জন রাজনগর উপজেলার জন্য একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।
























