মৌলভীবাজারে জামিনে মুক্ত জামায়াত নেতা খিজির আহমদ
- আপডেট সময় : ০৬:১০:৪০ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
- / 38
মৌলভীবাজারের বড়লেখা পৌরসভা জামায়াতে ইসলামীর সাবেক সভাপতি ও দুইবারের মেয়র প্রার্থী খিজির আহমদ জামিনে মুক্তি পেয়েছেন। ২০১৩ সালের একটি রাজনৈতিক মামলায় বুধবার (২৪ জুন) দুপুরে মৌলভীবাজার অতিরিক্ত দায়রা জজ তৃতীয় আদালত তাঁর জামিন আবেদন মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা যায়, খিজির আহমদের পক্ষে দায়ের করা জামিন আবেদনের ওপর শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বিকেলে তিনি মৌলভীবাজার জেলা কারাগার থেকে মুক্তি লাভ করেন।
মামলার নথি অনুযায়ী, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি বড়লেখায় জামায়াতে ইসলামী ও তৌহিদী জনতার একটি মিছিলে গুলিবর্ষণের ঘটনায় এক কর্মী নিহত হওয়ার পর পুলিশ একটি মামলা দায়ের করে। ওই মামলায় খিজির আহমদসহ ৬৫ জনকে আসামি করা হয়। দীর্ঘদিন ব্যবসায়িক কাজে প্রবাসে অবস্থান করায় তিনি মামলার বিষয়ে অবগত ছিলেন না বলে সংশ্লিষ্টরা দাবি করেন। পরবর্তীতে ২০১৮ সালে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। সেই পরোয়ানার ভিত্তিতে গত শুক্রবার (২১ জুন) রাতে বড়লেখার হাজিগঞ্জ বাজার এলাকা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
জামিনে মুক্তির পর বিকেলে মৌলভীবাজার জেলা কারাগারের প্রধান ফটকে খিজির আহমদকে স্বাগত জানান জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. ইয়ামীর আলী, সহকারী সেক্রেটারি আলাউদ্দিনসহ দলীয় নেতাকর্মীরা। এ সময় বিপুলসংখ্যক সমর্থক ও শুভাকাঙ্ক্ষীর উপস্থিতি লক্ষ্য করা যায়।

পরে বড়লেখায় অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত সমাবেশে জামায়াত নেতারা বলেন, খিজির আহমদ দীর্ঘদিন ধরে স্থানীয় জনগণের অধিকার আদায়ের আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তাঁরা দাবি করেন, অতীতে মেয়র নির্বাচনে তিনি জনগণের ব্যাপক সমর্থন পেয়েছিলেন। একই সঙ্গে নেতারা পূর্ববর্তী সরকারের আমলে দায়ের হওয়া রাজনৈতিক মামলাগুলো প্রত্যাহার এবং নেতাকর্মীদের হয়রানি বন্ধের দাবি জানান।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা জামায়াতের সাবেক আমির ও জেলা কর্মপরিষদ সদস্য এমাদুল ইসলাম। তিনি বলেন, পুরোনো রাজনৈতিক মামলায় বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হলেও বিভিন্ন অভিযোগে অভিযুক্ত অনেক প্রভাবশালী ব্যক্তি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। এ বিষয়ে প্রশাসনের সমান দৃষ্টি দেওয়া প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।





















