ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদ জানালেন বিএনপি নেতা মুরাদ ও সামাদ
- আপডেট সময় : ০১:৫৪:১৯ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
- / 18
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া কথিত বহিষ্কারাদেশকে “মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার” উল্লেখ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আহমদ উর রহমান খান মুরাদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ চৌধুরী।
বুধবার এক যৌথ প্রতিক্রিয়ায় তারা বলেন, সম্প্রতি ফেসবুকে বিএনপির সহ-দপ্তর সম্পাদকের স্বাক্ষরযুক্ত প্যাড ব্যবহার করে তাদের নাম উল্লেখ করে বহিষ্কারের একটি তথাকথিত বিজ্ঞপ্তি প্রচার করা হয়। বিষয়টি তাদের নজরে আসার পর তাৎক্ষণিকভাবে উপজেলা বিএনপির নেতৃবৃন্দকে অবহিত করা হয়। উপজেলা বিএনপির দায়িত্বশীল নেতারাও বিষয়টিকে সম্পূর্ণ ভুয়া, ভিত্তিহীন ও বিভ্রান্তিমূলক বলে অভিহিত করেছেন।
পৃথিমপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আহমদ উর রহমান খান মুরাদ বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলার অন্যান্য ইউনিয়নের মতো পৃথিমপাশা ইউনিয়ন বিএনপিরও কাউন্সিল অনুষ্ঠিত হয়। ওই কাউন্সিলে প্রতিটি ওয়ার্ডের ভোটাররা বিপুল ভোটে আমাদের নির্বাচিত করেন। কাউন্সিলে পরাজিত একটি গোষ্ঠী শুরু থেকেই আমাদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে অপপ্রচার চালিয়ে আসছে এবং বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে। বিষয়গুলো আমরা জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দকে একাধিকবার জানিয়েছি।”
তিনি আরও বলেন, রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিকল্পিতভাবে গুজব ছড়াচ্ছে।
এ বিষয়ে কুলাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্ছু বলেন, “এটি সম্পূর্ণ ভুয়া বহিষ্কারাদেশ। মূলত বিভ্রান্তি ছড়ানোর জন্যই এমন অপপ্রচার চালানো হচ্ছে।”
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল বলেন, “এ ধরনের কোনো বহিষ্কারের বিষয়ে আমরা অবগত নই। কেন্দ্র থেকে সত্যিকার অর্থে কোনো সিদ্ধান্ত এলে সাংগঠনিকভাবে অবশ্যই আমাদের জানানো হতো। তাই বিষয়টি অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত বলেই প্রতীয়মান হচ্ছে।”
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোক্তাদির মনু বলেন, “বহিষ্কারের বিষয়টি সম্পূর্ণ গুজব। একটি পক্ষ রাজনৈতিক উদ্দেশ্যে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে। আমি জাতীয়তাবাদী দলের সকল নেতাকর্মীকে এ ধরনের অপপ্রচার ও গুজবের বিরুদ্ধে সচেতন ও সোচ্চার থাকার আহ্বান জানাচ্ছি।”
























