এমসি কলেজ ইকোনমিকস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন
- আপডেট সময় : ০৪:৫৫:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
- / 115
সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের ইকোনমিকস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ২০২৬–২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে সংগঠনের চূড়ান্ত গঠনতন্ত্র অনুমোদন, আর্থিক হিসাব-বিবরণী উপস্থাপন ও অনুমোদন এবং বিশেষ স্মরণিকা ‘স্মৃতি-সৌরভ’-এর মোড়ক উন্মোচন করা হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) সকাল ১১টায় এমসি কলেজের অর্থনীতি বিভাগের মিলনায়তনে দিনব্যাপী আয়োজিত সাধারণ সভায় এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ফাহিমা জিন্নুরায়েনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন এমসি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আকমল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ সাহাব উদ্দীন।
অ্যাসোসিয়েশনের সদস্যসচিব আমিনুল ইসলামের সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন আলতাফুর রহমান এবং গীতা পাঠ করেন রুবেল বিশ্বাস। পরে অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক প্রফেসর মো. তোতিউর রহমান স্বাগত বক্তব্য দেন।
সভায় অর্থ উপকমিটির আহ্বায়ক ও মূল আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক দিলীপ কুমার পাল সংগঠনের আর্থিক হিসাব-বিবরণী উপস্থাপন করেন। উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে তা অনুমোদিত হয়। এ ছাড়া খসড়া গঠনতন্ত্র পর্যালোচনা, সংশোধন ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

নতুন কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে সভায় তিন সদস্যবিশিষ্ট একটি সার্চ কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা ছিলেন এমসি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আকমল হোসেন, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ সাহাব উদ্দীন এবং সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ফাহিমা জিন্নুরায়েন।
সার্চ কমিটির সুপারিশ ও অনুমোদনের ভিত্তিতে ২০২৬–২৮ মেয়াদের জন্য নতুন কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা হলেন-
সভাপতি: প্রফেসর মো. তোতিউর রহমান
সাধারণ সম্পাদক: আমিনুল ইসলাম
সাংগঠনিক সম্পাদক: আল-আমিন
অর্থ সম্পাদক: মো. মারুফ আহমদ
সভা শেষে অতিথিবৃন্দ ও প্রকাশনা উপকমিটির সদস্যদের উপস্থিতিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বিশেষ স্মরণিকা ‘স্মৃতি-সৌরভ’-এর মোড়ক উন্মোচন করা হয়। স্মরণিকায় অর্থনীতি বিভাগের ইতিহাস ও ঐতিহ্য, প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হয়েছে।

নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বক্তারা বলেন, অ্যালামনাই অ্যাসোসিয়েশন সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরে ভবিষ্যতে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।




















