যশোরের একটি দোকান থেকে ২৭১ বস্তা সার জব্দ
- আপডেট সময় : ০২:২২:০৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
- / 27
যশোরের চৌগাছায় একটি দোকানে অভিযান চালিয়ে ২৭১ বস্তা বিভিন্ন ধরনের সার জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা সার ন্যায্যমূল্যে কৃষকদের কাছে বিক্রি করে টাকা রাজস্ব কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেন আদালত।
এছাড়া আদালত অবৈধভাবে এই সার মজুদ করায় খাইরুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
বুধবার (২৬ আগস্ট) বেলা ১১টার দিকে চৌগাছা পৌর শহরের পারবাজার এলাকায় খাইরুল ইসলাম নামে এক ব্যক্তির দোকানে অভিযান পরিচালনা করে এই সার জব্দ ও জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) জিএমএ মুনিবের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, চৌগাছা থানার এসআই হোসেন পাটোয়ারী, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সেলিম রেজা আওলিয়ার, সার ডিলার সমিতির সভাপতি ইউনূস আলীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যারা উপস্থিত ছিলেন।
অভিযানকালে খাইরুল ইসলাম সার বিক্রেতা হিসেবে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। অথচ তার দোকানে ২৮ বস্তা এমওপি, ১৪৭ বস্তা টিএসপি, ৯ বস্তা ডিএপি এবং ৮৭ বস্তা ইউরিয়া সর্বমোট ২৭১ বস্তা সার গুদামজাত করা ছিল। যার খুচরা বিক্রয় মূল্য ৩ লাখ ৫৩, হাজার ৩৫০ টাকা।
বৈধ লাইসেন্স ছাড়াই বিপুল পরিমাণ সার মজুদ করার অপরাধ স্বীকার করায় তাকে সার ব্যবস্থাপনা আইনে ২০ হাজার টাকা জরিমানা অথবা একমাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন।
খাইরুল ইসলাম জরিমানা পরিশোধ করেন। একইসঙ্গে ভবিষ্যতে অবৈধভাবে সার মজুদ বা ব্যবসা করবেন না বলে মুচলেকা দেন।























