আগর শিল্পের বিকাশে এখনই গড়ে তোলা প্রয়োজন বাংলাদেশ আগর গবেষণা ইনস্টিটিউট
- আপডেট সময় : ০৭:০৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
- / 84
বাংলাদেশের অর্থনীতি দীর্ঘদিন ধরে কয়েকটি নির্দিষ্ট রপ্তানি খাতের ওপর নির্ভরশীল। তৈরি পোশাকশিল্প, চামড়া ও কৃষিপণ্যের পাশাপাশি এমন কিছু সম্ভাবনাময় খাত রয়েছে, যেগুলো সঠিক পরিকল্পনা ও গবেষণার অভাবে এখনো বৈশ্বিক বাজারে নিজেদের পূর্ণ সক্ষমতা প্রকাশ করতে পারেনি। আগর-আতর শিল্প সেই সম্ভাবনাময় খাতগুলোর অন্যতম। অথচ শত শত বছরের ঐতিহ্য, আন্তর্জাতিক চাহিদা এবং ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃতি থাকা সত্ত্বেও এই শিল্প এখনো কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাতে পারেনি। এর অন্যতম কারণ হলো- বৈজ্ঞানিক গবেষণা ও আধুনিক প্রযুক্তির ঘাটতি।
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুজানগর দীর্ঘদিন ধরে বাংলাদেশের আগর-আতর শিল্পের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত। এখানকার কারিগরদের অভিজ্ঞতা, স্থানীয় জ্ঞান ও ঐতিহ্যবাহী পদ্ধতির মাধ্যমে তৈরি আগর আতর দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক বাজারে পরিচিতি পেয়েছে। কিন্তু বর্তমান বিশ্ববাজারে শুধু ঐতিহ্য দিয়ে টিকে থাকা সম্ভব নয়। প্রয়োজন বিজ্ঞানভিত্তিক উৎপাদন, মান নিয়ন্ত্রণ, আধুনিক প্রযুক্তি এবং গবেষণালব্ধ উন্নয়ন। এই বাস্তবতায় একটি পূর্ণাঙ্গ ‘বাংলাদেশ আগর গবেষণা ইনস্টিটিউট’ প্রতিষ্ঠা এখন সময়ের অপরিহার্য দাবি।
আগর গাছ (Aquilaria) থেকে উৎপাদিত সুগন্ধি তেল বা উদ (Oud) বিশ্বের অন্যতম মূল্যবান প্রাকৃতিক সুগন্ধি উপাদান। মধ্যপ্রাচ্য, ইউরোপ, যুক্তরাষ্ট্র ও পূর্ব এশিয়ার বিলাসবহুল পারফিউম শিল্পে এর ব্যাপক চাহিদা রয়েছে। খাঁটি আগর তেল দীর্ঘস্থায়ী সুবাস, প্রাকৃতিক বৈশিষ্ট্য এবং উচ্চমূল্যের কারণে আন্তর্জাতিক বাজারে বিশেষ মর্যাদা ধরে রেখেছে। বাংলাদেশে উৎপাদিত আগর ও আতরের মান ও ঐতিহ্য এই বাজারে শক্ত অবস্থান তৈরির সুযোগ তৈরি করেছে। কিন্তু সেই সুযোগকে অর্থনৈতিক শক্তিতে রূপান্তর করার জন্য প্রয়োজন সুপরিকল্পিত গবেষণা ও প্রাতিষ্ঠানিক উদ্যোগ।
বর্তমানে আগর শিল্পের সঙ্গে বড়লেখাসহ দেশের বিভিন্ন অঞ্চলের কয়েক হাজার পরিবার জড়িত। আগর চাষ, কাঠ সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ, তেল নিষ্কাশন, আতর উৎপাদন ও রপ্তানির মাধ্যমে এই শিল্প স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি এবং বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে এ খাত ভবিষ্যতে বড় অবদান রাখতে পারে। কিন্তু দুঃখজনক বিষয় হলো, এই সম্ভাবনাময় শিল্প এখনো মূলত পারিবারিক অভিজ্ঞতা ও ঐতিহ্যনির্ভর জ্ঞানের ওপর দাঁড়িয়ে আছে।
আন্তর্জাতিক প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে হলে আগর উৎপাদনে বৈজ্ঞানিক পদ্ধতির ব্যবহার অপরিহার্য। উন্নত জাতের চারা উৎপাদন, দ্রুত রজন তৈরির প্রযুক্তি, রোগ প্রতিরোধ ব্যবস্থা, মাটির উপযোগিতা নির্ধারণ, আধুনিক নিষ্কাশন পদ্ধতি এবং আন্তর্জাতিক মানের পরীক্ষাগার ছাড়া এই শিল্পকে দীর্ঘমেয়াদে এগিয়ে নেওয়া সম্ভব নয়। বর্তমানে এসব ক্ষেত্রে গবেষণার অভাব রয়েছে। ফলে উৎপাদন ব্যয় বাড়ছে, গুণগত মানে বৈচিত্র্য তৈরি হচ্ছে এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা বাধাগ্রস্ত হচ্ছে।
একটি জাতীয় পর্যায়ের আগর গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হলে এই সমস্যাগুলোর টেকসই সমাধান সম্ভব। এই প্রতিষ্ঠান আগর গাছের উন্নত জাত উদ্ভাবন, টিস্যু কালচার, রোগ ব্যবস্থাপনা, রজন উৎপাদনের বৈজ্ঞানিক পদ্ধতি, আধুনিক ডিস্টিলেশন প্রযুক্তি এবং আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণ নিয়ে গবেষণা করতে পারবে। একই সঙ্গে কৃষক, উদ্যোক্তা ও কারিগরদের প্রশিক্ষণের মাধ্যমে একটি দক্ষ জনবল তৈরি করা সম্ভব হবে।
বিশ্বের অনেক দেশ আগরকে শুধু কাঁচামাল হিসেবে ব্যবহার করছে এমন নয় বরং এর মাধ্যমে উচ্চমূল্যের পণ্য তৈরি করে বিপুল অর্থ আয় করছে। আগর তেল, বিলাসবহুল পারফিউম, প্রসাধনী, অ্যারোমাথেরাপি পণ্যসহ বিভিন্ন মূল্য সংযোজিত পণ্যের বাজার তারা দখল করেছে। অন্যদিকে বাংলাদেশ এখনো মূলত আগর কাঠ, চিপস ও সীমিত পরিসরের আতর রপ্তানির মধ্যেই সীমাবদ্ধ। ফলে যে বিপুল অর্থনৈতিক সম্ভাবনা রয়েছে, তার বড় অংশ অন্য দেশ গ্রহণ করছে।
বাংলাদেশের আগর-আতর শিল্প জিআই স্বীকৃতি অর্জন করেছে এটি নিঃসন্দেহে একটি বড় অর্জন। কিন্তু জিআই স্বীকৃতি কেবল পরিচিতি তৈরি করে, বাজার দখল করতে হলে প্রয়োজন মানসম্পন্ন উৎপাদন, আন্তর্জাতিক সার্টিফিকেশন, আধুনিক প্যাকেজিং, ব্র্যান্ডিং এবং বৈশ্বিক বিপণন কৌশল। এসব ক্ষেত্রে একটি গবেষণা প্রতিষ্ঠান দিকনির্দেশক ভূমিকা পালন করতে পারে।
সরকার আগর শিল্পকে কেবল ঐতিহ্যবাহী পেশা হিসেবে নয়, বরং একটি সম্ভাবনাময় রপ্তানি খাত হিসেবে দেখতে হবে। প্রয়োজন সরকারি-বেসরকারি অংশীদারিত্বে গবেষণা অবকাঠামো তৈরি, আধুনিক পরীক্ষাগার স্থাপন, উদ্যোক্তাদের সহজ অর্থায়ন, প্রযুক্তি সহায়তা এবং আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের উদ্যোগ।
বাংলাদেশের অর্থনীতিতে তৈরি পোশাকশিল্প যেমন একটি শক্তিশালী ভিত্তি তৈরি করেছে, তেমনি আগর-আতর শিল্পও ভবিষ্যতে একটি গুরুত্বপূর্ণ রপ্তানি খাতে পরিণত হতে পারে। বড়লেখার ঐতিহ্য, দেশের জলবায়ু এবং আন্তর্জাতিক বাজারের চাহিদা- এই তিনটি শক্তিকে কাজে লাগাতে পারলে আগর শিল্প বাংলাদেশের জন্য নতুন অর্থনৈতিক সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে।
তাই আর বিলম্ব নয়, এখনই প্রতিষ্ঠা করতে হবে ‘বাংলাদেশ আগর গবেষণা ইনস্টিটিউট’। এই প্রতিষ্ঠান কেবল গবেষণাকেন্দ্র হবে এমন নয় বরং বাংলাদেশের ঐতিহ্য, বিজ্ঞান ও অর্থনৈতিক সম্ভাবনাকে এক সুতোয় গাঁথার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে পরিগণিত হবে। তাই আগর গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার মধ্যদিয়ে আগর-আতর শিল্প একদিন বাংলাদেশের অন্যতম পরিচয় ও বৈদেশিক আয়ের শক্তিশালী উৎস হয়ে উঠতে পারে।






















