‘শাপলা কাব অ্যাওয়ার্ড’ অর্জন করলেন আকিলা ফারহা
- আপডেট সময় : ০৯:০৫:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
- / 24
বাংলাদেশ স্কাউটসের কাব স্কাউট শাখার সর্বোচ্চ মর্যাদাপূর্ণ সম্মাননা ‘শাপলা কাব অ্যাওয়ার্ড’ অর্জন করেছে কাব স্কাউট আকিলা ফারহা।
সে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুল-এর পঞ্চম শ্রেণির ছাত্রী। আকিলা ফারহা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোহাম্মদ দীদার হোসেন এবং পাথারিয়া গাংকুল মনসুরিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসা-এর ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপিকা হাছিনা আক্তারের ছোট সন্তান।
জানা গেছে, ‘শাপলা কাব অ্যাওয়ার্ড’ কাব স্কাউটদের জন্য সর্বোচ্চ রাষ্ট্রীয় স্বীকৃতি। এ সম্মাননা অর্জনের জন্য আকিলা ফারহাকে নিয়মিত পড়াশোনার পাশাপাশি স্কাউটিংয়ের কঠোর নিয়মাবলি অনুসরণ, শারীরিক ও মানসিক দক্ষতা অর্জন এবং বিভিন্ন পারদর্শিতা চ্যালেঞ্জ সফলভাবে সম্পন্ন করতে হয়েছে।
স্থানীয়, জেলা ও আঞ্চলিক পর্যায়ে ধারাবাহিক মূল্যায়নের পর জাতীয় পর্যায়ে লিখিত, মৌখিক, ব্যবহারিক ও সাঁতারসহ বিভিন্ন কঠোর মূল্যায়নে উত্তীর্ণ হয়ে সে এই সর্বোচ্চ সম্মাননার জন্য মনোনীত হয়।
আকিলা ফারহা জানায়, ‘শাপলা কাব অ্যাওয়ার্ড’ অর্জন করে আমি খুব আনন্দিত। এই সফলতার পেছনে আমার মা-বাবা, স্কাউট লিডার ও শিক্ষকদের অনুপ্রেরণাই সবচেয়ে বড় অবদান রেখেছে। স্কাউটিংয়ের শিক্ষা কাজে লাগিয়ে ভবিষ্যতে আমি একজন ভালো মানুষ ও যোগ্য নাগরিক হয়ে দেশের কল্যাণে কাজ করতে চাই।
আকিলার পরিবার জানায়, আকিলার এই অর্জনে আমরা অত্যন্ত গর্বিত ও আনন্দিত। আমাদের প্রত্যাশা, সে যেন ভবিষ্যতে একজন সৎ, মানবিক ও দেশপ্রেমিক মানুষ হিসেবে গড়ে ওঠে এবং সমাজ ও দেশের জন্য ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
প্রসঙ্গত, বাংলাদেশ স্কাউটস-এর প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় সারাদেশে একযোগে ২০২৫ সালের জাতীয় পর্যায়ের ‘শাপলা কাব অ্যাওয়ার্ড’ প্রার্থীদের লিখিত পরীক্ষা গত ২৮ মার্চ ২০২৬ অনুষ্ঠিত হয়। পরে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক, ব্যবহারিক ও সাঁতার মূল্যায়ন ২ মে ২০২৬ অনুষ্ঠিত হয়। পর্যায়ক্রমিক মূল্যায়ন শেষে গত ১৭ মে ২০২৬ সারাদেশের ১ হাজার ৯৩৭ জন কাব স্কাউটকে চূড়ান্তভাবে ‘শাপলা কাব অ্যাওয়ার্ড’-এর জন্য মনোনীত করে ফলাফল প্রকাশ করা হয়।
























