কমলগঞ্জের নটমণ্ডপে ৩ দিনব্যাপী ‘ধ্বজো মেস্তরীর মরণ’ নাটকের শীতকালীন প্রদর্শনী
- আপডেট সময় : ১০:৩৫:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
- / 179
মৌলভীবাজারের কমলগঞ্জের ঘোড়ামারা গ্রামের নটমণ্ডপে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে মণিপুরি থিয়েটারের বহুল জনপ্রিয় নাটক ‘ধ্বজো মেস্তরীর মরণ’। টানা তিন দিনে এই অসাধারণ মঞ্চনাটকের মোট পাঁচটি প্রদর্শনী দেখা যাবে। প্রায় ২০ বছর পর নাটকটি নতুন অবয়ব ও নতুন প্রজন্মের অভিনয়শিল্পীদের নিয়ে ঢাকায় প্রদর্শনীর পর আবারও কমলগঞ্জের মঞ্চে ফিরছে।
মণিপুরি সমাজের ঐতিহ্যবাহী ঘর নির্মাণশিল্পকে কেন্দ্র করে নির্মিত নাটকটির মূল গল্প মণিপুরি পাড়ার বিখ্যাত কারিগর ধ্বজো মেস্তরীকে নিয়ে। সময়ের স্রোতে যখন তার তৈরি সব ঘর নিশ্চিহ্ন হয়ে যায়, তখন তার নিজের বাড়িটিই হয়ে দাঁড়ায় তার জীবনের একমাত্র স্মৃতি- যেটিও আধুনিকতার চাপে একদিন তার ছেলেরাই ভেঙে ফেলে। পাড়ার লোকজন যখন সেই ভগ্নাবশেষ সরিয়ে নিতে যায়, ধ্বজো মনে করেন-তারা যেন তার লাশই বহন করছে। হারিয়ে যাওয়া কারিগরির বেদনা আর স্মৃতিহরণের নির্মমতা-এই আবেগেই গড়ে উঠেছে নাটকের মূল সুর।
নাটকটির নির্দেশক শুভাশিস সিনহা বলেন, “ধ্বজো মেস্তরী শুধু এক চরিত্র নয়-তিনি আমাদের হারিয়ে যাওয়া ঘর-সংস্কৃতির প্রতীক, আমাদের অতীতের স্পন্দন। বিশ বছর পর এই নাটক আবার মঞ্চে ফিরছে-এ যেন নিজের ঘরে ফিরে আসার মতো অনুভূতি। পুরনো দল আর নতুন তরুণ শিল্পীদের একসঙ্গে নিয়ে যখন ধ্বজোর গল্পকে নতুন করে গড়তে বসি, তখন মনে হয়েছিল-আমরা যেন আমাদের শেকড়কে আবার ছুঁয়ে দেখছি। কমলগঞ্জের দর্শকের সামনে এই গল্প আবার জীবন্ত হয়ে উঠবে-এ ভাবলেই বুকের ভেতর এক অদ্ভুত আনন্দ আর শিহরণ কাজ করে।”

স্মৃতিকুমার সিংহের গল্প অবলম্বনে নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন শুভাশিস সিনহা। বাংলা ও বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষার সংমিশ্রিত নাটকে কথকের ভূমিকায় আছেন জ্যোতি সিনহা। তরুণ ও বৃদ্ধ ধ্বজোর চরিত্রে অভিনয় করেছেন সমরজিৎ সিংহ ও বিধান সিংহ। এছাড়াও অংশ নিয়েছেন স্বর্ণালী সিনহা, শিউলী সিনহা, সুবর্ণা সিনহা, রাজকান্ত সিংহসহ আরও অনেকে।
নাটকের সংগীতে আছেন শর্মিলা সিনহা; বাদ্যযন্ত্রে রনি সিংহ ও অঞ্জনা সিনহা। আলো পরিকল্পনা করেছেন আসলাম অরণ্য এবং পোস্টার ডিজাইন করেছেন সজলকান্তি সিংহ। প্রযোজনা ব্যবস্থাপনায় আপন সিংহ ও দেবজিৎ সিংহ।
কমলগঞ্জে নাটকটির প্রদর্শনী শীতে ভ্রমণ আর সাংস্কৃতিক আনন্দ-দুটোই একসঙ্গে করার সুযোগ তৈরি করে দিয়েছে মণিপুরি থিয়েটার। শ্রীমঙ্গল-মৌলভীবাজারের প্রকৃতি দেখার পাশাপাশি এই শীতে দর্শকরা উপভোগ করতে পারবেন জমজমাট নাট্যোৎসব। ঘোড়ামারার মনোরম পরিবেশে মণিপুরি থিয়েটারের নটমণ্ডপে তিন দিনব্যাপী এই আয়োজন যেন দর্শকদের নিয়ে যাবে মণিপুরি সংস্কৃতির গভীরে।
মণিপুরি থিয়েটার সূত্রে জানা যায়, কমলগঞ্জের ঘোড়ামারা গ্রামের নটমণ্ডপে ১১ হতে ১৩ ডিসেম্বর পাঁচটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। ১১ ডিসেম্বর, বৃহস্পতিবার: সন্ধ্যা ৬:৩০, ১২ ডিসেম্বর, শুক্রবার: বিকাল ৫:৩০ ও সন্ধ্যা ৭:৩০, ১৩ ডিসেম্বর, শনিবার: বিকাল ৪:৩০ ও সন্ধ্যা ৭:৩০ টায় নাটকটি দর্শকেরা দেখতে পারবেন। নাটকটির সময়সীমা: ১ ঘন্টা ১০ মিনিট
টিকেট: ৫০/১০০/২০০/৫০০ টাকা (আসনভেদে)। টিকেট ও তথ্য পেতে এই নাম্বারে ০১৭২০৮০৮৪৮২ যোগাযোগ করা যাবে।




















