বড়লেখা বাজারের নিরাপত্তায় আধুনিক সিসিটিভি ক্যামেরা নেটওয়ার্ক উদ্বোধন
- আপডেট সময় : ১০:৫১:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
- / 26
মৌলভীবাজারের বড়লেখা বাজার ও পৌর এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা নেটওয়ার্ক উদ্বোধন করা হয়েছে। নিরাপদ, আধুনিক ও স্মার্ট বড়লেখা গড়ার লক্ষ্যে গৃহীত এ উদ্যোগকে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও সচেতন মহল সময়োপযোগী এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন।
জানা গেছে, মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠুর ব্যক্তিগত বরাদ্দে বড়লেখা বাজার ও পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক, ব্যবসাকেন্দ্র, জনসমাগমস্থল এবং গুরুত্বপূর্ণ প্রবেশ ও বহির্গমন পয়েন্টে আধুনিক প্রযুক্তিসম্পন্ন সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরা কেন্দ্রীয়ভাবে সংযুক্ত থাকায় সার্বক্ষণিক নজরদারির মাধ্যমে এলাকার নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু আনুষ্ঠানিকভাবে সিসিটিভি ক্যামেরা নেটওয়ার্কের উদ্বোধন করেন। এ সময় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, ব্যবসায়ী নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে জননিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থার বিকল্প নেই। বাজার ও পৌর এলাকার গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপনের ফলে চুরি, ছিনতাই, মাদক ব্যবসা, সড়ক দুর্ঘটনা, যানজট নিয়ন্ত্রণ এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করবে। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সংশ্লিষ্ট ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে দ্রুত অপরাধী শনাক্ত ও আইনের আওতায় আনা সম্ভব হবে।
সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু বলেন, বড়লেখাকে একটি আধুনিক, নিরাপদ ও প্রযুক্তিনির্ভর উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ধারাবাহিকভাবে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। সিসিটিভি ক্যামেরা নেটওয়ার্ক স্থাপন সেই প্রচেষ্টারই একটি অংশ। তিনি বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং ব্যবসা-বাণিজ্যের অনুকূল পরিবেশ বজায় রাখতে এ ধরনের প্রযুক্তিনির্ভর ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, নিরাপত্তা নিশ্চিত করা শুধু আইনশৃঙ্খলা বাহিনীর একার দায়িত্ব নয়; এর সঙ্গে জনগণেরও সম্পৃক্ততা প্রয়োজন। আধুনিক এই নজরদারি ব্যবস্থা অপরাধ দমনে যেমন সহায়ক হবে, তেমনি সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ সৃষ্টি করবে।
স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা জানান, বড়লেখা বাজারে প্রতিদিন বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটে। তাই দীর্ঘদিন ধরেই একটি আধুনিক নজরদারি ব্যবস্থার প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছিল। সিসিটিভি ক্যামেরা স্থাপনের ফলে ব্যবসায়ী ও ক্রেতারা আরও নিরাপদ পরিবেশে লেনদেন করতে পারবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, আধুনিক সিসিটিভি ক্যামেরা নেটওয়ার্ক চালুর ফলে বড়লেখা বাজার ও পৌর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটবে এবং নিরাপদ, আধুনিক ও স্মার্ট বড়লেখা বিনির্মাণে এটি একটি মাইলফলক হিসেবে কাজ করবে।
























