কুলাউড়ায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গঠনের আহ্বান জানান শওকতুল ইসলাম এমপি
- আপডেট সময় : ০৩:৫১:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
- / 6
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় করেছেন স্থানীয় সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত এ সভায় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি শওকতুল ইসলাম বলেন, কুলাউড়ার সাংবাদিকরা যদি একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের অধীনে কাজ করেন, তবে এলাকার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নসংক্রান্ত বিষয়গুলো জাতীয় পর্যায়ে আরও শক্তিশালীভাবে তুলে ধরা সম্ভব হবে। তিনি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে ঐক্যের গুরুত্ব তুলে ধরে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর জোর দেন।
সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও কল্যাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন, যৌক্তিক যেকোনো দাবিতে তিনি পাশে থাকবেন। পাশাপাশি কুলাউড়ায় আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি প্রেসক্লাব ভবন নির্মাণের উদ্যোগ নেওয়ার কথাও উল্লেখ করেন।
এ সময় তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা দেন, কুলাউড়ায় বিদ্যমান তিনটি প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে দ্রুত একটি বৈঠকের আয়োজন করতে, যাতে সাংবাদিকদের একটি অভিন্ন প্ল্যাটফর্মে আনার প্রক্রিয়া ত্বরান্বিত করা যায়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিনসহ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক রেদোয়ান খান, বর্তমান সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, বিএনপি নেতা সাইফুল ইসলাম চৌধুরী, কমর উদ্দিন আহমদ, জয়নুল হক জুনেদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।






















