২০ মাসে প্রাণ গেল ৬৪৩ শিশুর
রাজনৈতিক পটপরিবর্তনেও থামেনি শিশু ধ র্ষ ণ ও হ ত্যা
- আপডেট সময় : ০৩:১৬:১২ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
- / 15
“মা, আমি একটু পরে আসছি”হয়তো এমন কথাই বলেছিল ছোট্ট আছিয়া। কিন্তু সেই ফেরা আর হয়নি। রামিসার স্কুলব্যাগ আজও হয়তো ঘরের এক কোণে পড়ে আছে, আর ছোট্ট কথা রেখে গেছে একরাশ নীরবতা।
২০২৪ সালের জুলাইয়ের রাজনৈতিক পরিবর্তনের পর মানুষ ভেবেছিল বদলে যাবে দেশ, নিরাপদ হবে শিশুদের ভবিষ্যৎ। কিন্তু ক্যালেন্ডারের পাতা বদলালেও বদলায়নি নিষ্ঠুর বাস্তবতা।
(মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি-এইচআরএসএস-এর প্রতিবেদন অনুযায়ী) ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত মাত্র ২০ মাসে ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে প্রাণ হারিয়েছে অন্তত ৬৪৩ শিশু। অর্থাৎ প্রতি মাসে গড়ে ৩২টিরও বেশি পরিবার হারিয়েছে তাদের বুকের ধন। শুধু চলতি বছরের প্রথম চার মাসেই নিহত হয়েছে ২০৩ শিশু। একই সময়ে নির্যাতনের শিকার হয়েছে অন্তত এক হাজার ৮৯০ শিশু, যার মধ্যে ৫৮০ শিশু ধর্ষণ এবং ৩১৮ শিশু যৌন নিপীড়নের শিকার হয়েছে।
আছিয়া, রামিসা, কথা—তারা শুধু নাম নয়, তারা এই সমাজের ব্যর্থতার রক্তাক্ত প্রতিচ্ছবি। সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ ওঠে, মানুষ বিচার চায়, কিন্তু সময়ের সাথে সাথে সবকিছু আবার স্তব্ধ হয়ে যায়। থেকে যায় শুধু মায়ের দীর্ঘশ্বাস, বাবার শূন্য দৃষ্টি আর ছোট্ট কবরের নীরবতা।
রাজনৈতিক পালাবদল হয়তো ক্ষমতার চেয়ার বদলায়, কিন্তু যদি শিশুদের আর্তনাদ না থামে, যদি তাদের শৈশব নিরাপদ না হয় তবে সেই পরিবর্তনের মূল্য কোথায়? আজ প্রশ্ন একটাই আর কত আছিয়া, রামিসা আর কথাকে হারালে আমরা সত্যিই জেগে উঠবো?
জাহাঙ্গীর আলম, শিক্ষার্থী- বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ।

























