উপজেলা বিএনপির দেড় লক্ষ টাকা অনুদান
জুড়ীতে বজ্রপাতে পুড়ে ছাই তিন পরিবারের বসতঘর
- আপডেট সময় : ১২:১৫:২২ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
- / 11
মৌলভীবাজারের জুড়ী উপজেলার সীমান্তবর্তী ফুলতলা ইউনিয়নের বিরইনতলা গ্রামে বজ্রপাতের ফলে ভয়াবহ অগ্নিকাণ্ডে একই পরিবারের তিন ভাইয়ের যৌথ বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। রোববার (২৯ মার্চ) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্তরা হলেন মৃত সকই মিয়ার পুত্র আহমদ আলী, মনির আলী ও প্রবাসী আং হাকিম। সরেজমিনে দেখা যায়, টিনসেডের পাঁচ কক্ষবিশিষ্ট বাড়িটির ভেতরে থাকা পরিবারের নিত্যপ্রয়োজনীয় সব আসবাবপত্র, মূল্যবান জিনিসপত্র ও সঞ্চয় আগুনে ভস্মীভূত হয়েছে।
ভুক্তভোগী মনির আলী জানান, “রাতে আমরা সবাই ঘুমিয়ে ছিলাম। হঠাৎ প্রচণ্ড বজ্রপাতের শব্দে ঘুম ভেঙে যায়। মুহূর্তের মধ্যে ঘরের ভেতরে আগুনের লেলিহান শিখা দেখতে পাই। চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই সবকিছু পুড়ে যায়। আমাদের সারাজীবনের সঞ্চয় এক নিমিষে শেষ হয়ে গেল।”
তিনি আরও জানান, উপজেলা সদর থেকে তাদের বাড়ির দূরত্ব প্রায় ১৭ কিলোমিটার। ঘটনার সময় ঘরে পরিবারের সদস্য ও অতিথিসহ প্রায় ১৭ জন উপস্থিত ছিলেন। তবে সৌভাগ্যবশত কেউ হতাহত হননি।
ঘটনার খবর পেয়ে সোমবার (৩০ মার্চ) বিকেলে মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদের নির্দেশে জুড়ী উপজেলা বিএনপির একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে। উপজেলা বিএনপির সভাপতি হাজী মাছুম রেজা’র নেতৃত্বে দলটির পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে নগদ ১ লাখ ৫০ হাজার টাকা, কিছু কাপড় প্রদান করা হয়।
এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৪ বান টিন বরাদ্দ দেওয়া হয় এবং সংসদ সদস্যের পক্ষ থেকে অতিরিক্ত সরকারি সহায়তার আশ্বাস প্রদান করা হয়।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ফুলতলা ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম সেলু, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল কাইয়ুম, সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, সাবেক যুগ্ম সম্পাদক নাজমুল ইসলাম, ফুলতলা ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল উদ্দিন সেলিম, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমতিয়াজ গফুর মারুফ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুর রহমান, ইউপি সদস্য স্বপন মল্লিকসহ স্থানীয় নেতৃবৃন্দ।
স্থানীয়রা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে সরকারি ও বেসরকারি পর্যায়ে আরও সহায়তার দাবি জানিয়েছেন।























