সিলেটে ধর্মীয় স্বাধীনতা ও সামাজিক সম্প্রীতি বিষয়ে তরুণদের সচেতনতামূলক কর্মশালা
- আপডেট সময় : ১০:৩০:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
- / 157
ধর্মীয় স্বাধীনতা, বহুত্ববাদ, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সামাজিক সম্প্রীতি বিষয়ে তরুণদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটে অনুষ্ঠিত হয়েছে ‘Freedom of Religion or Belief (FoRB) Awareness-Raising Workshop’।
শনিবার (২৯ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সিলেট নগরীর আম্বরখানাস্থ ব্রিটেনিয়া হোটেলে এ কর্মশালার আয়োজন করে ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ, সিলেট জেলা। আয়োজনে সহযোগিতা করে দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ।
কর্মশালায় সিলেটের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩০ জন তরুণ শিক্ষার্থী অংশ নেন। ধর্মীয় স্বাধীনতা বা FoRB-এর ধারণা স্পষ্ট করা, ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতি সম্মান প্রদর্শন এবং একটি বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক ও সম্প্রীতিপূর্ণ সমাজ গঠনে তরুণদের ভূমিকা তুলে ধরাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন শেখ সোলায়মান, দুর্জয় রয় ও মারুফা আলম মুন। তাঁরা ধর্মীয় স্বাধীনতার গুরুত্ব, ভিন্ন ধর্ম ও বিশ্বাসের মানুষের প্রতি শ্রদ্ধাশীল আচরণ, সহনশীলতা, বৈচিত্র্য গ্রহণ এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার কার্যকর কৌশল নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং ফোর্ব জেলা ফোরামের সভাপতি আবুল কাশেম। এছাড়াও উপস্থিত ছিলেন ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ, সিলেট আঞ্চলিক সমন্বয়কারী মো. এহসান মাজিদ সাদী। কর্মশালাটি সঞ্চালনা করেন সিলেট জেলা সমন্বয়কারী তাহসিনা রিমা।

আলোচনা পর্বে বক্তারা বলেন, একটি শান্তিপূর্ণ ও সম্প্রীতিপূর্ণ সমাজ গঠনের জন্য ধর্ম, বিশ্বাস, সংস্কৃতি ও মতের ভিন্নতাকে সম্মান করা অত্যন্ত জরুরি। তরুণদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করা গেলে সমাজে বিদ্যমান বিভাজন ও বৈষম্য কমিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠা সম্ভব।
কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা দলীয় আলোচনা, মতবিনিময় ও বিভিন্ন অংশগ্রহণমূলক কার্যক্রমে অংশ নেন। এসব কার্যক্রমের মাধ্যমে তাঁরা ধর্মীয় স্বাধীনতা, বহুত্ববাদ ও সামাজিক সহাবস্থান বিষয়ে নিজেদের জ্ঞান ও উপলব্ধি আরও সমৃদ্ধ করার সুযোগ পান। পাশাপাশি সমাজে সম্প্রীতি প্রতিষ্ঠায় তরুণরা কীভাবে ইতিবাচক ভূমিকা রাখতে পারে, সে বিষয়েও আলোচনা হয়।

কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক সমকালের সিনিয়র স্টাফ রিপোর্টার ও ফোর্ব জেলা ফোরামের সাধারণ সম্পাদক বাবলু আহমেদ। এ সময় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর হাতে Certificate of Participation তুলে দেওয়া হয়। পরে অংশগ্রহণকারীদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়
আয়োজকরা জানান, তরুণদের মধ্যে ধর্মীয় স্বাধীনতা, পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও বৈচিত্র্যের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও তরুণদের সম্পৃক্ত করে ধর্মীয় স্বাধীনতা, সামাজিক সম্প্রীতি ও বহুত্ববাদ বিষয়ে আরও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।















