সরকারি টিচার্স ট্রেনিং কলেজে নবনিযুক্ত অধ্যক্ষকে বরণ
- আপডেট সময় : ১১:১৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
- / 147
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, সিলেট-এর নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ফৌজিয়া আজিজকে বরণ উপলক্ষে বর্ণাঢ্য সংবর্ধনা ও ব্যতিক্রমধর্মী রম্য বিতর্কের আয়োজন করেছে টিটিসি ডিবেটিং ক্লাব। ‘ফলের রাজ্যে কে সেরা’ শীর্ষক এই রম্য বিতর্কের মাধ্যমে ক্যাম্পাসে যুক্তি, রসবোধ ও সৃজনশীলতার এক অনন্য পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে গ্রামীণ জনজীবনের পরিচিত ও সুস্বাদু সাতটি ফল—আম, কাঁঠাল, কলা, তরমুজ, বাঙ্গি, ডেউয়া ও পেঁপে—নিজ নিজ শ্রেষ্ঠত্ব তুলে ধরে প্রতিযোগিতায় অংশ নেয়। হাস্যরসাত্মক ও বুদ্ধিদীপ্ত যুক্তির মাধ্যমে বিতার্কিকরা তাদের নির্বাচিত ফলের গুণাগুণ উপস্থাপন করেন।
টিটিসি ডিবেটিং ক্লাবের উপদেষ্টা ও শিক্ষক পরিষদের সম্পাদক সহযোগী অধ্যাপক রিজওয়ানা মতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে সঞ্চালনা করেন ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক তানজিলা ইয়াসমিন।
অনুষ্ঠানের শুরুতে ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম রাব্বী স্বাগত বক্তব্য দেন। তিনি টিটিসি ডিবেটিং ক্লাবের বিভিন্ন কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
এরপর শুরু হয় অনুষ্ঠানের মূল আকর্ষণ ‘ফলের রাজ্যে কে সেরা’ শীর্ষক রম্য বিতর্ক। এতে জাতীয় ফল কাঁঠালের পক্ষে ফাহমিদা তাসনিম, গ্রীষ্মের রাজা আমের পক্ষে আমিরা চৌধুরী, কলার পক্ষে অলখ সরকার, তরমুজের পক্ষে কাওলা, বাঙ্গির পক্ষে জাকির হোসেন, ডেউয়ার পক্ষে বৃষ্টি দে এবং পেঁপের পক্ষে মাশকুরা আজাদ অংশ নেন।
বিতার্কিকদের প্রাণবন্ত উপস্থাপনা, রসাত্মক যুক্তি ও চমৎকার বাচনভঙ্গিতে পুরো মিলনায়তন হাসি ও করতালিতে মুখরিত হয়ে ওঠে। ব্যতিক্রমী এই আয়োজন নবনিযুক্ত অধ্যক্ষকে বরণের পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, সিলেট-এর নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ফৌজিয়া আজিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক খসরু মাহমুদ, সহযোগী অধ্যাপক হাসিনা ফেরদৌস, সহযোগী অধ্যাপক উম্মে হাবিবা, সহকারী অধ্যাপক শ্রী বিধান চক্রবর্তী, সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান রনি, প্রভাষক আলী হোসেন এবং প্রভাষক সাদেকুর রহমান সাত্তার।
এছাড়াও বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে।
বিতর্ক শেষে টিটিসি ডিবেটিং ক্লাবের পক্ষ থেকে নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ফৌজিয়া আজিজকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম রাব্বী, যুগ্ম সাধারণ সম্পাদক তানজিলা ইয়াসমিন, যুগ্ম সাধারণ সম্পাদক নাদিরা সুলতানা, কোষাধ্যক্ষ জাকির হোসেন, প্রচার সম্পাদক মাশকুরা আজাদসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল দুই শিক্ষার্থী আমিরা চৌধুরী ও বৃষ্টি দে-এর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সাবলীল উপস্থাপনা ও সাহসিকতা। তাদের পারফরম্যান্সে মুগ্ধ হয়ে ক্লাবের উপদেষ্টা সহযোগী অধ্যাপক রিজওয়ানা মতিন তাদের টিটিসি ডিবেটিং ক্লাবের সম্মানসূচক সদস্য ঘোষণা করেন।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ টিটিসি ডিবেটিং ক্লাবের এই সৃজনশীল ও ব্যতিক্রমধর্মী আয়োজনের প্রশংসা করেন। তারা শিক্ষার্থীদের বিতর্কচর্চা, নেতৃত্বগুণ ও সৃজনশীল কর্মকাণ্ডে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।
নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ফৌজিয়া আজিজ তাঁর বক্তব্যে বলেন, সহশিক্ষামূলক কার্যক্রম শিক্ষার্থীদের মেধা, মনন ও ব্যক্তিত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দিয়ে তিনি ডিবেটিং ক্লাবের ভবিষ্যৎ কার্যক্রমে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার কথা জানান।
সমাপনী বক্তব্যে সহযোগী অধ্যাপক রিজওয়ানা মতিন ক্লাবের সদস্যদের বিতর্কচর্চা ও সাংগঠনিক কার্যক্রমে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সবশেষে প্রধান অতিথি প্রফেসর ফৌজিয়া আজিজের মনোমুগ্ধকর কবিতা আবৃত্তির মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। তাঁর আবৃত্তি উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে বিশেষ আনন্দ ও মুগ্ধতার সৃষ্টি করে।















