জাবিতে স্টুডেন্টস ফর লিবার্টি বাংলাদেশের আয়োজনে ‘এসএফএল সম্বাদ’
- আপডেট সময় : ০৭:২৯:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
- / 232
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) তরুণ শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে স্টুডেন্টস ফর লিবার্টি বাংলাদেশ আয়োজিত আলোচনা অনুষ্ঠান ‘এসএফএল সম্বাদ’। মুক্তচিন্তা, ব্যক্তিস্বাধীনতা ও অধিকার বিষয়ে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরি এবং মতবিনিময়ের লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সরকার ও রাজনীতি বিভাগের একটি কক্ষে ‘SFL Samvad’ শীর্ষক এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন স্টুডেন্টস ফর লিবার্টি বাংলাদেশের ন্যাশনাল কো-অর্ডিনেটর ফারজানা তায়্যিবা।
অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট প্রফেসর মুহাম্মদ কামরুজ্জামান। তিনি লিবার্টি বা ব্যক্তিস্বাধীনতার ধারণা, এর গুরুত্ব এবং সমাজে এর প্রভাব নিয়ে শিক্ষার্থীদের সামনে বিস্তারিত আলোচনা করেন।
আলোচনায় তিনি বাংলাদেশের সামাজিক ও রাজনৈতিক বাস্তবতার প্রেক্ষাপটে ব্যক্তিস্বাধীনতা, ব্যক্তিগত অধিকার এবং মুক্তচিন্তার প্রয়োজনীয়তা তুলে ধরেন। পাশাপাশি বিভিন্ন প্রাসঙ্গিক নিবন্ধ ও তাত্ত্বিক ধারণা সহজ ভাষায় ব্যাখ্যা করেন, যা শিক্ষার্থীদের বিষয়টি গভীরভাবে অনুধাবনে সহায়তা করে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ, বিভিন্ন প্রশ্ন ও মতামত বিনিময়ের মাধ্যমে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে। স্বাধীনতা, অধিকার ও মুক্ত চিন্তার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তরুণদের আগ্রহও এতে স্পষ্টভাবে প্রকাশ পায়।
আয়োজকরা জানান, ‘এসএফএল সম্বাদ’-এর মতো আয়োজন তরুণদের মধ্যে মুক্ত আলোচনা, ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল মনোভাব এবং স্বাধীনতার ধারণা নিয়ে গভীর চিন্তার সুযোগ তৈরি করে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের জন্য এমন আরও জ্ঞানভিত্তিক ও অর্থবহ আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।















