সীরাতুন্নবী (সাঃ) মাহফিল উপলক্ষে বড়লেখা কলেজ ছাত্রশিবিরের আলোচনা
- আপডেট সময় : ০৫:৩৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
- / 81
বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের সহকারী জেনারেল সেক্রেটারি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেছেন, ‘সিরাতুন্নবী (সা.)’, অর্থাৎ নবী (সা.)-এর জীবনচরিত বা জীবনী আলোচনা অনুষ্ঠান। এ দিবসে অনেকে জশনে জুলুছ বা শোভাযাত্রাও করে থাকেন। এই মহামানবের জন্মতারিখ নিয়ে সিরাতগ্রন্থ, জীবনীকার, ইতিহাসবেত্তা ও জ্যোতির্বিদগণের মধ্যে বিস্তর মতপার্থক্য রয়েছে। প্রিয় নবী (সা.) আজ দুনিয়ার বুকে নেই, সেটিই ভাবার বিষয়। উৎসব বা শোক পালন বড় কথা নয়; আসল কথা হলো তাঁর জীবন থেকে শিক্ষা গ্রহণ করা; কোরআন ও সুন্নাহ আঁকড়ে ধরা; একমাত্র ইসলামকেই ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির অনন্য পথ হিসেবে গ্রহণ করা। তবেই আমাদের এ আনন্দ ও বেদনা উভয়ই সার্থক হবে। অতি পরিতাপের বিষয় যে রবিউল আউয়াল মাস এলে আমরা আনুষ্ঠানিকতার আয়োজন করি। বাণী আর বিবৃতি প্রচার করি; কিন্তু ফরজ-ওয়াজিব আদায় করি না; দুর্নীতি ও ঘুষ ছাড়তে পারি না; মিথ্যা বর্জন করতে পারি না; লোভ, হিংসা, মোহমুক্ত হতে পারি না। এমন হয় কেন? তবে কি নবীপ্রেমের তাৎপর্য আমাদের অন্তরে স্থান পেয়েছে?মনুষ্য সৃষ্টির উদ্দেশ্য হলো আল্লাহর পরিচয় লাভ করা। নবী-রাসুল প্রেরণের লক্ষ্য হলো মানুষকে আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। তাই আল্লাহর ভালোবাসা পেতে হলে রাসুল (সা.)-এর পথ অনুসরণ করতে হবে। অর্থাৎ রাসুল (সা.) যা যা করেছেন বা করতে বলেছেন, তা করতে হবে।
তিনি মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বড়লেখা সরকারি ডিগ্রী কলেজ হলরুমে আয়োজিত সীরাতুন্নবী (সা.) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরও বলেন, গোটা মানবজাতির জন্য রাসুল (সা.) এর জীবনেই রয়েছে সর্বোত্তম আদর্শ। নবীজী (সা.) এর সীরাত ও ছুরতের অনুসরণ আমাদেরকে সোনার মানুষে পরিণত করতে পারে। তরুণ প্রজন্মের শিক্ষার্থীদেরকে কুরআন ও হাদীস অধ্যয়নের পাশাপাশি এর অনুসরণের প্রতি জোর দিতে হবে। তাহলে গোটা জাতি উপকৃত হবে। আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠন করতে চাই। এজন্য শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদের কাজ করতে হবে। রাসুলুল্লাহ (সা.) ছিলেন বিনয় ও কোমলতার বাস্তব প্রতিচ্ছবি। তিনি হাসিমুখে কথা বলতেন। তাঁর মুচকি হাসি সাহাবায়ে কেরামের হৃদয়ে প্রশান্তি জাগাতো। তিনি আগে সালাম করতেন। এমনকি ছোট শিশু-কিশোরদেরকেও তিনি সালাম জানাতেন। তাঁর ব্যবহারিক জীবন ছিলো স্বচ্ছ, সুন্দর ও অতুলনীয়। তিনি পরিবারের সদস্যসহ সবার সাথে সর্বোত্তম ভালো ব্যবহার করেছেন। তিনি জীবনের প্রতিটি ক্ষেত্রে আদর্শের উজ্জ্বল নিদর্শন রেখে গিয়েছেন।
সীরাতুন্নবী (সা.) মাহফিলে ছাত্রশিবিরের কলেজ সভাপতি সাব্বির আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারি রুহেল আহমদের সঞ্চালয়ায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা ছাত্রশিবিরের দাওয়াহ সম্পাদক আব্দুল ওয়াহিদ, বড়লেখা শহর সভাপতি নোমান আহমদ, বড়লেখা উপজেলা পশ্চিম শাখা সভাপতি এমদাদুল হক এমাদ, সুজাউল মাদ্রাসা সভাপতি মঞ্জুর রহমান, শহর শাখার বায়তুলমাল সম্পাদক ফয়সাল আহমদ ও শহর শাখার সদ্য বিদায়ী দাওয়াহ সম্পাদক মো কলিম উদ্দিনসহ অনান্য নেতৃবৃন্দ। পরে রাসুলুল্লাহ (সাঃ)- এর সীরাত সম্পর্কে আলোচনা শেষে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যকম সম্পন্ন হয়।
















