বিদিশা গুলশান থেকে গ্রেপ্তার, প্রতারণা মামলায় দুই বছরের সাজা
- আপডেট সময় : ০৫:২৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
- / 132
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশাকে প্রতারণা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গুলশান থানায় দায়ের করা একটি প্রতারণা মামলায় আদালত বিদিশার বিরুদ্ধে দুই বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন। ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকায় তাকে আটক করা হয়েছে।
ওসি দাউদ হোসেন জানান, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে গুলশানের অ্যারাবিকা রেস্টুরেন্ট থেকে বিদিশাকে গ্রেপ্তার করা হয়।
মামলার সূত্রে জানা যায়, ঢাকার পল্লবী এলাকার ব্যবসায়ী এ কে এম মোশাররফ হোসেন সিকদার ২০০৮ সালের ফেব্রুয়ারিতে গুলশান থানায় মামলাটি দায়ের করেন। অভিযোগে বলা হয়, বারিধারা এলাকায় একটি ফ্ল্যাট দেওয়ার কথা বলে ২০০১ সালের ১০ জুলাই বিদিশাকে ৭৫ লাখ টাকা প্রদান করেন তিনি। চুক্তি অনুযায়ী ২০০২ সালের ১০ জুলাই ফ্ল্যাটটি হস্তান্তরের কথা থাকলেও তা করা হয়নি বলে অভিযোগ করেন বাদী।
পরবর্তীতে টাকা ফেরত দেওয়ার জন্য বিদিশা একটি ৭৫ লাখ টাকার চেক দেন। তবে পর্যাপ্ত অর্থ না থাকায় ২০০৫ সালের ২ মে চেকটি ব্যাংক থেকে প্রত্যাখ্যাত হয়। টাকা ফেরত চাইতে গেলে হুমকি-ধামকি দেওয়ার অভিযোগও মামলায় উল্লেখ করা হয়।
চলতি বছরের ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামশেদ আলম আসামির অনুপস্থিতিতে এ মামলার রায় ঘোষণা করেন। ওই রায়ে বিদিশাকে দুই বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।














