বড়লেখায় শিক্ষার্থীদের নিয়ে অভিভাবক সমাবেশ
- আপডেট সময় : ০২:১১:২৮ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
- / 115
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কলাজুড়া হাজী আপ্তাব মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ, পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি এবং ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে সুধী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে শিক্ষক, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য এবং বিপুলসংখ্যক অভিভাবক অংশ নেন। বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হামিদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুল হক।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মোহাম্মদ শামসুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি নুরুল ইসলাম শাহীন, সাবেক সদস্য লুৎফুর রহমান, সাহাবউদ্দিন, পারভেজ আহমদসহ আরও অনেকে।
সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল নিশ্চিত করতে শুধু বিদ্যালয়ের পাঠদানই যথেষ্ট নয়, পাশাপাশি বাড়িতেও পড়াশোনার উপযোগী পরিবেশ তৈরি করা প্রয়োজন। শিক্ষার্থীদের মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার, অপ্রয়োজনীয় আড্ডা ও অন্যান্য বিভ্রান্তিকর কর্মকাণ্ড থেকে দূরে রেখে নিয়মিত পড়াশোনায় মনোযোগী করতে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করতে হবে।
সমাবেশে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিনা কারণে কোনো শিক্ষার্থী যেন বিদ্যালয়ে অনুপস্থিত না থাকে, সে বিষয়ে শিক্ষক ও অভিভাবকদের নিয়মিত নজরদারি রাখার আহ্বান জানানো হয়। পাশাপাশি প্রতি মাসে অন্তত একবার অভিভাবকদের বিদ্যালয়ে এসে শ্রেণিশিক্ষকের কাছ থেকে সন্তানের পড়াশোনার অগ্রগতি সম্পর্কে খোঁজ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
এ ছাড়া শিক্ষার্থীদের পড়াশোনার সময় অপ্রয়োজনীয় মোবাইল ব্যবহার ও সময় অপচয়কারী কর্মকাণ্ড থেকে বিরত রাখতে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
সমাবেশ শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুল হক উপস্থিত সকল অভিভাবককে ধন্যবাদ জানান। তিনি বিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত করতে ভবিষ্যতে সময়োপযোগী ও কার্যকর বিভিন্ন উদ্যোগ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।














