প্রযুক্তি শিক্ষায় নতুন দিগন্ত, রাজধানীর বসিলায় হচ্ছে বিশ্ববিদ্যালয়
- আপডেট সময় : ০৪:৪১:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
- / 80
রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় একটি নতুন প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। আধুনিক প্রযুক্তিতে দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং শিক্ষার্থীদের ভবিষ্যতের কর্মক্ষেত্রের উপযোগী করে প্রস্তুত করাই হবে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়টির অন্যতম লক্ষ্য।
শনিবার (২২ আগস্ট) দুপুরে মোহাম্মদপুরের বসিলায় ফিরোজা বাশার আইডিয়াল কলেজে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
ববি হাজ্জাজ বলেন, মোহাম্মদপুর রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষাকেন্দ্র। এ এলাকায় বিপুলসংখ্যক শিক্ষিত মানুষের বসবাসের পাশাপাশি অনেক মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। তাই মোহাম্মদপুরের শিক্ষা ও সামগ্রিক উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি বলেন, এসব উদ্যোগের অংশ হিসেবে বসিলায় নতুন একটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়া হয়েছে। ফিরোজা বাশার আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আশা প্রকাশ করেন, বর্তমান শিক্ষার্থীরা এইচএসসি পাস করার আগেই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার কার্যক্রম উল্লেখযোগ্যভাবে এগিয়ে নেওয়া সম্ভব হবে।
প্রতিমন্ত্রী বলেন, বিশ্ব দ্রুত প্রযুক্তিনির্ভর হয়ে উঠছে। পরিবর্তিত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে আধুনিক প্রযুক্তিতে দক্ষ জনশক্তি গড়ে তোলার বিকল্প নেই। প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা অর্জনের পাশাপাশি ভবিষ্যতের কর্মক্ষেত্রের জন্য প্রস্তুত হওয়ার সুযোগ তৈরি হবে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় এখন থেকেই নিজেদের জ্ঞান ও দক্ষতা বাড়ানোর দিকে মনোযোগ দিতে হবে।
অনুষ্ঠানে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য গভর্ন্যান্সবিষয়ক একটি প্রতিযোগিতা আয়োজনের ঘোষণাও দেন ববি হাজ্জাজ। তিনি জানান, প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারীকে এক লাখ টাকার বেশি অর্থ পুরস্কার দেওয়া হবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের জন্যও থাকবে পুরস্কার।
এ ছাড়া প্রতিযোগিতার বিজয়ীদের এক দিনের জন্য ‘শ্যাডো মিনিস্টার’ ও ‘শ্যাডো এমপি’ হিসেবে কাজ করার সুযোগ দেওয়ার কথা জানান তিনি। এর মাধ্যমে শিক্ষার্থীরা রাষ্ট্র পরিচালনা, সংসদীয় কার্যক্রম ও নেতৃত্ব সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।
ববি হাজ্জাজ আশা প্রকাশ করেন, নতুন প্রজন্মের এসব শিক্ষার্থী ভবিষ্যতে সংসদ সদস্য ও মন্ত্রীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে দেশের নেতৃত্ব ও উন্নয়নে ভূমিকা রাখবে।















