এমসি কলেজ গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৫:৫৮:০৯ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
- / 121
সিলেটে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান-২০২৬। শনিবার (২২ আগস্ট) নগরের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠান গণিত বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমসি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ তোফায়েল আহমদ, উপাধ্যক্ষ অধ্যাপক আকমল হোসেন, অধ্যাপক রাকেশ ঘোষ, কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক নিতাই চন্দ্র চন্দ, গণিত বিভাগের অধ্যাপক মো. গিয়াস উদ্দিন এবং বিভাগীয় প্রধান অধ্যাপক তপতী চৌধুরী।
গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভাপতি অধ্যাপক অরুণ চন্দ্র পালের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উদযাপন কমিটির আহ্বায়ক মো. মনিরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহিদুল হক সোহেল।
প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “এমসি কলেজ শুধু সিলেটের নয়, দেশের অন্যতম ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ। প্রতিষ্ঠার পর থেকে নানা চড়াই-উতরাই পেরিয়ে প্রতিষ্ঠানটি শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এই ঐতিহ্যকে ধারণ করে আগামী দিনেও এমসি কলেজকে আরও সমৃদ্ধ করতে হবে।”
তিনি বলেন, ব্রিটিশ ভারত, পাকিস্তান ও স্বাধীন বাংলাদেশ- এই তিন সময়কালেই এমসি কলেজ তার স্বকীয় ঐতিহ্য ও সুনাম ধরে রেখেছে। একসময় কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রতিষ্ঠান হিসেবে এখানে বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ ছিল। সে সময় এমসি কলেজের শিক্ষার মান ও সুনাম দেশের শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে তুলনীয় ছিল বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে বক্তারা মুরারিচাঁদ কলেজের গণিত বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। অ্যালামনাইদের অভিজ্ঞতা ও বর্তমান শিক্ষার্থীদের উদ্যমকে সমন্বয় করে বিভাগের শিক্ষা, গবেষণা ও সহশিক্ষা কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন তাঁরা।
অভিষেক অনুষ্ঠানে গণিত বিভাগের অন্যতম সংগঠন ‘ধ্রুবক ক্লাব’-এর পঞ্চদশ কার্যকরী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও ধ্রুবক ক্লাবের পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতে গণিত বিভাগের শিক্ষার্থী ও প্রাক্তনদের মধ্যে যোগাযোগ আরও শক্তিশালী করবে।
অনুষ্ঠানের বিভিন্ন পর্বে অতিথি, অ্যালামনাই ও শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে অতিথি ও আয়োজকদের অংশগ্রহণে ফটোসেশন অনুষ্ঠিত হয়। বর্ণিল সাজসজ্জা, ফুলের আয়োজন এবং শিক্ষক, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানস্থলে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।
প্রাক্তনদের অভিজ্ঞতা ও বর্তমান শিক্ষার্থীদের উদ্যমের সমন্বয়ে মুরারিচাঁদ কলেজের গণিত বিভাগের ঐতিহ্য, শিক্ষা ও অগ্রযাত্রাকে আরও সমৃদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে দিনব্যাপী অভিষেক অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।















