সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পোস্টার ফেস্টিভ্যাল অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৭:১৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
- / 108
সৃজনশীলতা, শিল্পবোধ ও মেধার সমন্বয়ে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে অনুষ্ঠিত হয়েছে ‘Poster Festival 2026’। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত দিনব্যাপী এ উৎসবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩২টি প্রতিযোগী দল তিনটি পৃথক ক্যাটাগরিতে অংশ নেয়।
উৎসবকে ঘিরে দিনব্যাপী ক্যাম্পাসজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। প্রতিযোগীরা তাদের সৃজনশীল চিন্তা, নান্দনিক উপস্থাপনা ও ব্যতিক্রমী ধারণার সমন্বয়ে পোস্টারের মাধ্যমে বিভিন্ন বিষয় তুলে ধরেন। এতে শিক্ষার্থী ও দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. আশরাফুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক নিতাই চন্দ্র চন্দ, বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

প্রতিযোগিতায় তিনটি ক্যাটাগরিতে বিজয়ী দল নির্বাচিত হয়। স্কুল ক্যাটাগরিতে বিজয়ী হয়েছে ছাতকের ব্রিজ একাডেমি। কলেজ ক্যাটাগরিতে বিজয়ী হয়েছে বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। আর স্নাতক ক্যাটাগরিতে বিজয়ী হয়েছে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগ।
পরে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী দলগুলোর হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আশরাফুল আলম। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক নিতাই চন্দ্র চন্দ, মানবিক অনুষদের ডিন মো. শফিউল আলম এবং ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ও অনুষ্ঠানের চেয়ার প্রণব কান্তি দেব।

পুরস্কার বিতরণী পর্বে বিজয়ীদের উচ্ছ্বাসে অনুষ্ঠানস্থলে সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ। আয়োজকরা জানান, তরুণদের সৃজনশীলতা, প্রতিভা ও উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করার পাশাপাশি তাদের প্রতিভা প্রদর্শনের একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
ইংরেজি বিভাগের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও সম্ভাবনার বিকাশে এ ধরনের আয়োজন অব্যাহত রাখা হবে।















