সিলেটে বিদেশে উচ্চশিক্ষা নিয়ে ‘Informed Pathways to Study Abroad’ কর্মশালা
- আপডেট সময় : ০৭:১৬:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
- / 144
বিদেশে উচ্চশিক্ষার সুযোগ, বাস্তব অভিজ্ঞতা, নিরাপদ সিদ্ধান্ত গ্রহণ এবং দায়িত্বশীল অভিবাসন বিষয়ে তরুণদের সচেতন করতে সিলেটে ‘Informed Pathways to Study Abroad’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) সিলেট নগরীর উপশহরস্থ IDEA Multipurpose Center-এ Institute of Development Affairs (IDEA)-এর আয়োজনে এবং The Asia Foundation-এর সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সিলেটের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩২ জন শিক্ষার্থী অংশ নেন।
কর্মশালার উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য দেন IDEA-এর নির্বাহী পরিচালক নজরুল হক। তিনি বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে সঠিক ও নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সচেতন থেকে নিরাপদ ও দায়িত্বশীলভাবে বিদেশে পড়াশোনার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।
এরপর IDEA-এর মানবসম্পদ ব্যবস্থাপক সুসমা ভট্টাচার্য ‘A Brief on IDEA Safeguarding’ শীর্ষক সেশন পরিচালনা করেন। এতে অংশগ্রহণকারীদের নিরাপত্তা, সুরক্ষা নীতিমালা, প্রত্যাশিত আচরণ এবং প্রয়োজনীয় রিপোর্টিং ব্যবস্থা সম্পর্কে ধারণা দেওয়া হয়।

‘Informed Pathways to Study Abroad’ শীর্ষক মূল উপস্থাপনায় বিদেশে উচ্চশিক্ষার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি, নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ, সঠিক সিদ্ধান্ত গ্রহণ এবং সম্ভাব্য ঝুঁকি শনাক্তকরণের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। সেশনটি পরিচালনা করেন IDEA-এর Migration Project-এর প্রকল্প কর্মকর্তা লিজা মনি।
কর্মশালার বিশেষ সেশন ছিল ‘Beyond the Visa: Real Experiences of Studying, Working & Living in the USA’। এতে যুক্তরাষ্ট্রে পড়াশোনা, কাজ ও বসবাসের বাস্তব অভিজ্ঞতার পাশাপাশি ভিসা পাওয়ার পর একজন শিক্ষার্থীর সামনে আসা নানা বাস্তবতা নিয়ে আলোচনা করা হয়। সেশনটি পরিচালনা করেন যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের Champaign County Regional Planning Commission-এর Planner এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (BUET) সাবেক প্রভাষক রাফসান মাশরেকি।
পরে অংশগ্রহণকারীদের নিয়ে দলীয় কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত গ্রহণ, আর্থিক বিষয়ে প্রচলিত ভুল ধারণা, প্রস্তুতি, সম্ভাব্য ঝুঁকি শনাক্তকরণ এবং নিরাপদভাবে বিদেশে পড়াশোনার বিভিন্ন পথ নিয়ে দলভিত্তিক আলোচনা ও মতবিনিময় করা হয়।
কর্মশালায় IDEA Migration Project-এর প্রকল্প কর্মকর্তা সামি হক, এস এম রফিকুজ্জামান লিটুসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও টিমের সদস্যরা উপস্থিত ছিলেন। তাঁরা বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণকারীদের প্রয়োজনীয় সহযোগিতা ও দিকনির্দেশনা দেন।
সমাপনী পর্বে অংশগ্রহণকারীদের মতামত ও প্রতিক্রিয়া গ্রহণের পাশাপাশি দলীয় ছবি তোলা হয়। পরে নেটওয়ার্কিং ও মধ্যাহ্নভোজের মাধ্যমে কর্মশালার সমাপ্তি ঘটে।
আয়োজকদের মতে, বিদেশে উচ্চশিক্ষা সম্পর্কে তরুণদের মধ্যে সঠিক ও বাস্তবভিত্তিক জ্ঞান তৈরি, ভুল তথ্য ও সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ ও দায়িত্বশীল সিদ্ধান্ত গ্রহণে সক্ষম করে তোলাই ছিল কর্মশালার মূল উদ্দেশ্য।















