শিক্ষার মানদণ্ডে অনন্য অর্জন: ৫ বছরের আইএবি অ্যাক্রেডিটেশন পেল রুয়েটের স্থাপত্য বিভাগ
- আপডেট সময় : ১০:২৬:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
- / 101
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) স্থাপত্য বিভাগ স্থাপত্য শিক্ষায় সর্বোচ্চ পেশাগত স্বীকৃতি ‘আনকন্ডিশনাল অ্যাক্রেডিটেশন’ (Unconditional Accreditation) অর্জন করেছে। ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (আইএবি)-এর মূল্যায়নের ভিত্তিতে বিভাগটিকে আগামী পাঁচ বছরের জন্য এ স্বীকৃতি দেওয়া হয়েছে। গত ১ জুলাই ২০২৬ থেকে এটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে।
সম্প্রতি আইএবির বোর্ড অব আর্কিটেকচারাল এডুকেশন (BoAE) সর্বসম্মতভাবে রুয়েটের স্থাপত্য বিভাগকে এ অ্যাক্রেডিটেশনের জন্য সুপারিশ করে। নিবিড় পর্যবেক্ষণ ও মানদণ্ড পর্যালোচনা শেষে বোর্ড নিশ্চিত করে যে, বিভাগটি আইএবি নির্ধারিত একাডেমিক মানদণ্ড, প্রয়োজনীয় ভৌত অবকাঠামো এবং আন্তর্জাতিক মানের স্থাপত্য শিক্ষার জন্য প্রয়োজনীয় শর্তাবলি পূরণ করেছে।
রুয়েট কর্তৃপক্ষের মতে, স্থাপত্য শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য একাডেমিক পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে এ স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। দীর্ঘদিনের একাডেমিক চর্চা, শিক্ষক-শিক্ষার্থীদের মেধা ও শ্রম, উদ্ভাবনী ও সৃজনশীল কার্যক্রম এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক সহযোগিতার সম্মিলিত ফল হিসেবে এ অর্জন এসেছে।
পাঁচ বছরের এই আনকন্ডিশনাল অ্যাক্রেডিটেশন রুয়েটের স্থাপত্য শিক্ষা কার্যক্রমের মান ও পেশাগত গ্রহণযোগ্যতাকে আরও সুদৃঢ় করবে। একই সঙ্গে বিভাগ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের শিক্ষাগত যোগ্যতার পেশাগত স্বীকৃতি অর্জনের পথ সহজ হবে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে উচ্চশিক্ষা ও কর্মক্ষেত্রে তাদের সুযোগ আরও সম্প্রসারিত হবে।
বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা আশা করছেন, আইএবির এ স্বীকৃতি ভবিষ্যতে রুয়েটের স্থাপত্য বিভাগকে শিক্ষা, গবেষণা ও পেশাগত উৎকর্ষের ক্ষেত্রে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।















