শিক্ষার্থী ও শিক্ষকদের বিনামূল্যে স্বাস্থ্যসেবায় পিসিআইইউ ও এভারকেয়ার হাসপাতালের যৌথ উদ্যোগ
- আপডেট সময় : ১১:২৫:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
- / 106
পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (পিসিআইইউ) ও এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামের যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী ‘হেলথ স্ক্রিনিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয় পরিবারের সার্বিক স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা সম্পর্কে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
দিনব্যাপী এ স্বাস্থ্য ক্যাম্পে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং স্বাস্থ্যসংক্রান্ত প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামের বিশেষজ্ঞ চিকিৎসকেরা। এর ফলে বিশ্ববিদ্যালয় পরিবারের বিপুলসংখ্যক সদস্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পান।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, অ্যাকাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থী, শিক্ষক ও কর্মীদের শারীরিক সুস্থতা এবং স্বাস্থ্যসচেতনতা নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা বিভিন্ন রোগের ঝুঁকি আগেভাগে শনাক্ত করতে সহায়ক ভূমিকা রাখে।
এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের সদস্যদের মধ্যে স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সুস্থ জীবনযাপনে উৎসাহিত করবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
ভবিষ্যতেও এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামের সঙ্গে যৌথভাবে এ ধরনের স্বাস্থ্যসেবা ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেছে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ।















