রাবিতে চালু হচ্ছে জাপানি ভাষা শিক্ষা কোর্স, বাড়বে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ
- আপডেট সময় : ০৮:১২:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
- / 88
শিক্ষার্থীদের আন্তর্জাতিক দক্ষতা বৃদ্ধি এবং জাপানে উচ্চশিক্ষা, ইন্টার্নশিপ ও কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জাপানি ভাষা শিক্ষা কোর্স চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
স্নাতক পর্যায়ের চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য দ্রুততম সময়ের মধ্যে এ কোর্স চালু করার বিষয়ে আশ্বাস দিয়েছে সফররত জাপানি প্রতিনিধিদল।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে জাপানি প্রতিনিধিদলের এক বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। এর আগে প্রতিনিধিদলের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
বৈঠক শেষে জাপানি প্রতিনিধিদল জানায়, শিক্ষার্থীদের জাপানি ভাষায় দক্ষ করে তুলতে দ্রুত একটি ভাষা শিক্ষা কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা জাপানে উচ্চশিক্ষা, ইন্টার্নশিপ ও চাকরির ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি করতে পারবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বলেন, “জাপানি ভাষা শিক্ষা কার্যক্রম চালুর মাধ্যমে রাবির শিক্ষার্থীদের জন্য জাপানে উচ্চশিক্ষা গ্রহণ, প্লেসমেন্ট ও ইন্টার্নশিপের সুযোগ বৃদ্ধি পাবে। পাশাপাশি ভবিষ্যতে আন্তর্জাতিক কর্মবাজারে তাদের প্রতিযোগিতামূলক সক্ষমতাও বাড়বে।”
তিনি আরও বলেন, জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা সম্প্রসারণে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের আন্তর্জাতিক পরিমণ্ডলে দক্ষ ও যোগ্য করে তুলতে এটি একটি কার্যকর পদক্ষেপ।
জাপানি প্রতিনিধিদলে ছিলেন জেনমিরাই জাপান কোম্পানির সিইও কাওয়ামোটো ইয়াসুহিরো, জেনারেল ইনকরপোরেটেড অ্যাসোসিয়েশন হামিং বার্ডের পরিচালক ইউতা সিগেমরি এবং ওয়েস্ট ওকাইয়ামা মেডিকেল ক্লিনিকের নির্বাহী পরিচালক সেইজি ইসিমোটো।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন রাবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আব্দুল আলিম, সিন্ডিকেট সদস্য অধ্যাপক মো. রেজাউল করিম-২, ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের পরিচালক অধ্যাপক এম মোস্তফা কামাল, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক এ এইচ এম খুরশীদ আলম, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক এস এম কামরুজ্জামান, অফিস অব দ্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক মুহাম্মদ সাজ্জাদুর রহিম, ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক অধ্যাপক মো. নূরুল মোমেন এবং আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. হাসনাত কবীর।
বৈঠক শেষে জাপানি প্রতিনিধিদলের সদস্যদের স্মারক উপহার প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।















