শাবিপ্রবির নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক জি এম রবিউল ইসলাম
- আপডেট সময় : ০২:০৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
- / 88
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম।
সোমবার (১৭ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮৭-এর ১৩ ধারা অনুযায়ী অধ্যাপক ড. জি এম রবিউল ইসলামকে উপ-উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগের শর্ত অনুযায়ী, যোগদানের তারিখ থেকে চার বছর অথবা তাঁর অবসর গ্রহণের তারিখ যেটি আগে আসে পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন। দায়িত্বকালীন সময়ে তিনি তাঁর মূল পদের সমপরিমাণ বেতন-ভাতা এবং বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, উপ-উপাচার্য হিসেবে তাঁকে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী নির্ধারিত দায়িত্ব পালন করবেন এবং উপাচার্য কর্তৃক অর্পিত ক্ষমতা প্রয়োগ করবেন।
এ ছাড়া প্রয়োজনবোধে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।















