এমসি কলেজ রসায়ন বিভাগের শতবর্ষ উদযাপনের র্যালি অনুষ্ঠিত
- আপডেট সময় : ০১:৪৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
- / 137
সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের রসায়ন বিভাগের শতবর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য ‘শতবর্ষ উদযাপন র্যালি’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) আয়োজিত এ র্যালিতে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
রসায়ন বিভাগের সামনে থেকে শুরু হওয়া র্যালিটি কলেজ ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিভাগীয় প্রাঙ্গণে এসে শেষ হয়। এ সময় শতবর্ষ উদযাপনকে ঘিরে শিক্ষক-শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

র্যালিতে উপস্থিত ছিলেন এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ, উপাধ্যক্ষ প্রফেসর মো. আকমল হোসেন, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. মো. আবুল কালাম আজাদ এবং রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর শাহজাহান কবীর। এছাড়াও কেমিস্ট্রি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ, বিভাগের শিক্ষক ও বর্তমান শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
শতবর্ষ উদযাপনের ধারাবাহিক আয়োজনের অংশ হিসেবে এর আগে অনুষ্ঠিত ‘কেমিস্ট্রি স্পোর্টস ফেস্ট ২০২৬’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানও সম্পন্ন হয়। রসায়ন বিভাগের শতবর্ষ উদযাপনের প্রথম আয়োজন হিসেবে এই স্পোর্টস ফেস্টের আয়োজন করা হয়েছিল।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ, বিভাগের শিক্ষকবৃন্দ, কেমিস্ট্রি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য, আমন্ত্রিত অতিথি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ফুটবল ব্যাটলের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল এবং ইনডোর গেমের বিভিন্ন ইভেন্টে বিজয়ী ও রানার্সআপদের হাতে মেডেল, ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।

রসায়ন বিভাগের শতবর্ষ উদযাপনের এ আয়োজনকে কেন্দ্র করে শিক্ষক-শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। আগামী দিনগুলোতেও নানা কর্মসূচির মাধ্যমে শতবর্ষ উদযাপন অব্যাহত থাকবে।















