নারীদের নিরাপদ যাতায়াতে চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’ সার্ভিস
- আপডেট সময় : ০১:৪৫:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
- / 86
রাজধানীর গণপরিবহনে নারীদের যাতায়াত আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে পৃথক বাস সার্ভিস চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। আগামী ১৮ আগস্ট থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’ সার্ভিস, যা সম্পূর্ণভাবে নারী চালক ও নারী কন্ডাক্টরের মাধ্যমে পরিচালিত হবে।
বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মহিলা বাস সার্ভিস পরিচালনা’ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন আগামী মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে নারীদের জন্য বিশেষ এই বাস সার্ভিস চালু করা হচ্ছে বলে জানিয়েছে বিআরটিসি। এ উদ্যোগের মাধ্যমে রাজধানীর নারী যাত্রীদের জন্য নিরাপদ, নির্ভরযোগ্য ও আরামদায়ক গণপরিবহন ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্য নেওয়া হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ এহতেশামুল হক। এছাড়া বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোড়া (অতিরিক্ত সচিব)সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
বিআরটিসি জানিয়েছে, ‘পিংক বাস’ সার্ভিস চালুর মাধ্যমে নারী যাত্রীদের জন্য গণপরিবহনে নতুন একটি নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশ তৈরি হবে।














