নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত
- আপডেট সময় : ০১:০২:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
- / 109
নারীদের শিক্ষার সুযোগ আরও সম্প্রসারণের লক্ষ্যে অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ ক্ষেত্রে শিক্ষার সব ব্যয় সরকার বহন করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি ভালো ফলাফল করা নারী শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থাও করা হবে।
রোববার (১৬ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়িঘাট এলাকায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে অংশ নিয়ে স্থানীয় মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী। নারীদের পিছিয়ে রেখে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। তাই নারীদের শিক্ষার সুযোগ আরও বৃদ্ধি করতে সরকার অনার্স পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছে।
তিনি বলেন, শিক্ষাজীবনে ভালো ফলাফল অর্জনকারী নারী শিক্ষার্থীদের উৎসাহিত করতে সরকার উপবৃত্তি ও বৃত্তির ব্যবস্থাও করবে। এ সময় তিনি মেয়েদের মনোযোগ দিয়ে পড়াশোনা করে ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী আরও বলেন, গ্রামাঞ্চলের দরিদ্র পরিবারের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রতিবছর স্কুল ড্রেস ও স্কুল ব্যাগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ উদ্যোগের মাধ্যমে প্রায় এক কোটি ২০ লাখ শিশুর কাছে এসব শিক্ষা উপকরণ পৌঁছে দেওয়া হবে।
নারীদের স্বাবলম্বী করার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, পরিবারের দায়িত্ব পালনকারী নারীদের জন্য পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি পরিবারের কাছে এ কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে। কিশোরগঞ্জে এ কার্যক্রমের উদ্বোধন করা হচ্ছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বিকেল ৪টায় কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ, ভাতা, অনুদান ও পুরস্কার প্রদান অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচিটির জাতীয় পর্যায়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। অনুষ্ঠানে ৯৪ জনের হাতে বিভিন্ন সহায়তা তুলে দেওয়ার কথা রয়েছে। এর মধ্যে ১৪টি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এছাড়া ১৫ জন ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিকে সম্মানী ভাতা দেওয়া হবে।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী দুপুর সাড়ে ১২টায় কটিয়াদী কার্ড হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন। এরপর দুপুর ১টায় আচমিতা জর্জ ইনস্টিটিউটের মিনি স্টেডিয়ামে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন এবং জাতীয় মৎস্য পদক বিতরণ করবেন।
পরে দুপুর আড়াইটায় ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। বিকেল ৩টা ১৫ মিনিটে সার্কিট হাউসে মধ্যাহ্নভোজ শেষে বিকেল ৪টায় ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন। অনুষ্ঠান শেষে সন্ধ্যায় ঢাকার উদ্দেশে কিশোরগঞ্জ ত্যাগ করবেন প্রধানমন্ত্রী।















