নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ‘মৌলিক গবেষণা পদ্ধতি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৮:২৮:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
- / 112
নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি)-এর শেখঘাট ক্যাম্পাস অডিটরিয়ামে ‘মৌলিক গবেষণা পদ্ধতি’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের ‘এনইইউবি সিএসই সোসাইটি’র উদ্যোগে আয়োজিত এ সেমিনারে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরবের কিং ফাহাদ ইউনিভার্সিটি অব পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেলস-এর বায়োইনফরমেটিক্স বিভাগের পিএইচডি গবেষক মো. সাইদুর রহমান কোহিনুর।
বক্তব্যে তিনি বলেন, প্রযুক্তির আধুনিক যুগে সিএসই শিক্ষার্থীদের জন্য শুধু কোডিং শেখাই যথেষ্ট নয়। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) এই সময়ে নতুন উদ্ভাবন ও বাস্তব সমস্যার কার্যকর সমাধানের জন্য গবেষণার বিকল্প নেই। তিনি গবেষণায় সততা বজায় রাখা, প্লেজিয়ারিজম বা নকল গবেষণা রোধ এবং সঠিকভাবে তথ্যসূত্র ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. লিয়াকত আলী শাহ ফরিদী। সিএসই বিভাগের শিক্ষার্থী সুমাইয়া জান্নাত ও ওয়াহিদুল আউয়াল সানির যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে বিভাগের শিক্ষক ড. আরিফ আহমদ, রানা এম লুৎফুর রহমান পীর, রাজর্ষী প্রজ্জ্বল তালুকদার, কেএমএম আসিফুজ্জামান ও নাদিম আহমদসহ অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিকে ফুল দিয়ে বরণ করা হয়। পরে আলোচনা শেষে অতিথির হাতে সম্মাননা স্মারক তুলে দেন আয়োজকরা।















