স্টামফোর্ডে ৮৭তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন
- আপডেট সময় : ০৬:২৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
- / 91
স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের সামার-২০২৬ সেমিস্টারের ৮৭তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের ফ্রেশম্যান ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ আগস্ট) রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।
সকাল ৯টায় শুরু হয়ে অনুষ্ঠান চলে বিকেল ৩টা পর্যন্ত। এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজা উদ্দিন স্টালিন ও স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. ফারহানাজ ফিরোজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শরীফ নাফে আস-সাবের।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল খালেক বলেন, উচ্চশিক্ষার উদ্দেশ্য শুধু সনদ অর্জন নয়; বরং জ্ঞান, দক্ষতা, নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলা। নতুন প্রজন্মই ভবিষ্যতে দেশকে নেতৃত্ব দেবে উল্লেখ করে তিনি শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান ও প্রযুক্তির পাশাপাশি মানবিক মূল্যবোধ, মুক্তচিন্তা ও দেশপ্রেম ধারণের আহ্বান জানান।
তিনি বলেন, স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ দীর্ঘদিন ধরে দেশের উচ্চশিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। শিক্ষার্থীরা শিক্ষা ও গবেষণার পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে অবদান রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
বিশেষ অতিথি রেজা উদ্দিন স্টালিন বলেন, শিক্ষার সঙ্গে সংস্কৃতির গভীর সম্পর্ক রয়েছে। শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পাশাপাশি সংস্কৃতিচর্চার মাধ্যমে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে ওঠার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে ফারহানাজ ফিরোজ বলেন, জীবনে সফল হতে শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্ন বাস্তবায়নে কঠোর পরিশ্রম করতে হবে। শিক্ষক, কর্মকর্তা ও অভিভাবকদের সহযোগিতায় নবীন শিক্ষার্থীরা নিজেদের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সভাপতির বক্তব্যে উপাচার্য শরীফ নাফে আস-সাবের বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার মধ্য দিয়ে শিক্ষার্থীদের জীবনের নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি প্রযুক্তিগত দক্ষতা, গবেষণামনস্কতা, সৃজনশীলতা, মূল্যবোধ ও নেতৃত্বের গুণাবলি অর্জনের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
ওরিয়েন্টেশন পর্বে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম, নিয়মকানুন, সুযোগ-সুবিধা এবং সহশিক্ষা কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নাচ, গানসহ বিভিন্ন পরিবেশনায় জাতীয় নাট্যশালা মুখর হয়ে ওঠে। নবীন শিক্ষার্থীরাও এতে অংশ নেন এবং সাংস্কৃতিক আয়োজন উপভোগ করেন।
নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়জীবনের সঙ্গে পরিচিত করা, একাডেমিক পরিবেশ সম্পর্কে ধারণা দেওয়া এবং তাঁদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার মধ্য দিয়ে দিনব্যাপী এ আয়োজন শেষ হয়।















