বাংলাদেশ ইউনিভার্সিটিতে ‘এআই ফিউচার স্কিলস সেমিনার ২০২৬’ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৩:৪৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
- / 89
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডিজিটাল প্রযুক্তি ও ভবিষ্যৎ কর্মক্ষেত্রের প্রয়োজনীয় দক্ষতা সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন ও দক্ষ করে তুলতে বাংলাদেশ ইউনিভার্সিটিতে ‘এআই ফিউচার স্কিলস সেমিনার ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের উদ্যোগে আয়োজিত এ সেমিনারে কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদের শিক্ষক-শিক্ষার্থী এবং এবিসিএল আইটির প্রতিনিধিরা অংশ নেন।
সমাজবিজ্ঞান বিভাগের সিনিয়র লেকচারার মশিহা বেগম শুভ্রার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদের ডিন হুমায়ুন কবির, সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. এম. এম. এনামুল আজিজ এবং এবিসিএল আইটির প্রতিনিধিরা। তাঁদের মধ্যে ছিলেন সিলভিয়া সেলিম, আওয়াল ইমাম, ওসমান গনি, ফারহানা জাহান শারমিন ও তাসলিমা জাহান চৈতি।

উদ্বোধনী পর্বে ডিন হুমায়ুন কবির বলেন, বর্তমান বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তির গুরুত্ব দ্রুত বাড়ছে। পরিবর্তনশীল ও প্রযুক্তিনির্ভর বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে শিক্ষার্থীদের এখন থেকেই প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে হবে।
স্বাগত বক্তব্যে সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. এম. এম. এনামুল আজিজ একাডেমিক শিক্ষার পাশাপাশি এআই ও আধুনিক প্রযুক্তিভিত্তিক দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দেন। ভবিষ্যৎ শিক্ষা ও কর্মজীবনে প্রযুক্তির কার্যকর ব্যবহারে শিক্ষার্থীদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
এবিসিএল আইটির প্রতিনিধি সিলভিয়া সেলিম ভবিষ্যৎ কর্মক্ষেত্রের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় তিনি এআই, ডিজিটাল মার্কেটিং ও প্রযুক্তির পরিবর্তনশীল ভূমিকা নিয়ে শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।
সেমিনারের মূল পর্বে টেকনিক্যাল সেশন পরিচালনা করেন এবিসিএল আইটির ডিরেক্টর ওসমান গনি। সেশনে কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল দক্ষতা এবং ভবিষ্যৎ কর্মক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার নিয়ে বাস্তবভিত্তিক আলোচনা করা হয়।
শিক্ষার্থীরা কীভাবে এআই ও ডিজিটাল প্রযুক্তিকে পড়াশোনা, গবেষণা, দৈনন্দিন কাজ এবং ভবিষ্যৎ পেশাগত জীবনে কার্যকরভাবে কাজে লাগাতে পারে, তা বিভিন্ন উদাহরণের মাধ্যমে তুলে ধরা হয়। আলোচনায় বলা হয়, পরিবর্তনশীল কর্মবাজারে শুধু প্রাতিষ্ঠানিক ডিগ্রি অর্জন যথেষ্ট নয়; প্রযুক্তিগত দক্ষতা, সৃজনশীলতা, অভিযোজন ক্ষমতা এবং নতুন প্রযুক্তির সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার সক্ষমতাও সমান গুরুত্বপূর্ণ।
সমাপনী বক্তব্যে এবিসিএল আইটির ডিরেক্টর আওয়াল ইমাম এআই ও ডিজিটাল মার্কেটিংসহ আধুনিক দক্ষতা অর্জনের পাশাপাশি প্রযুক্তির দায়িত্বশীল ও কার্যকর ব্যবহারের ওপর গুরুত্ব দেন। ভবিষ্যৎ কর্মক্ষেত্রে নিজেদের প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি করতে শিক্ষার্থীদের এখন থেকেই নতুন প্রযুক্তি সম্পর্কে জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা অর্জনের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষার্থীদের সঙ্গে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, এআই ও ভবিষ্যৎ দক্ষতা বিষয়ে সচেতনতা তৈরিতে সহযোগিতার স্বীকৃতি হিসেবে এবিসিএল আইটি টিমকে সম্মাননা স্মারক প্রদান করে বাংলাদেশ ইউনিভার্সিটির সমাজবিজ্ঞান বিভাগ।
আয়োজকরা জানান, বিশ্ববিদ্যালয় ও প্রযুক্তি খাতের পেশাজীবীদের মধ্যে এ ধরনের জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি বাস্তব কর্মক্ষেত্রের প্রয়োজনীয় দক্ষতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ‘এআই ফিউচার স্কিলস সেমিনার ২০২৬’-এর মাধ্যমে শিক্ষার্থীরা কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তির সম্ভাবনা সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভের পাশাপাশি শিক্ষা, গবেষণা ও ভবিষ্যৎ ক্যারিয়ারে এসব প্রযুক্তির কার্যকর প্রয়োগে আরও দক্ষ হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তারা।















