ইংরেজি গ্র্যাজুয়েটদের কর্মসংস্থান নিয়ে মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সংলাপ
- আপডেট সময় : ০৬:০৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
- / 110
ইংরেজি বিষয়ে স্নাতকদের কর্মসংস্থানের সুযোগ, কর্মবাজারের চাহিদা, প্রয়োজনীয় দক্ষতা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে মেট্রোপলিটন ইউনিভার্সিটি, সিলেটে অনুষ্ঠিত হয়েছে ‘ইন্ডাস্ট্রি–একাডেমিয়া রাউন্ডটেবিল ডিসকাশন’।
‘Challenges and Prospects in English Studies: Industry Perspectives’ শীর্ষক এ আয়োজনে নিয়োগদাতা, শিক্ষাবিদ, কারিকুলাম বিশেষজ্ঞ, প্রশাসনের কর্মকর্তা, ব্যাংকিং পেশাজীবী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী ও বিভিন্ন শিল্পখাতের প্রতিনিধিরা অংশ নেন। আলোচনায় পরিবর্তনশীল কর্মবাজারে ইংরেজি গ্র্যাজুয়েটদের সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং কর্মক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা নিয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় হয়।
অনুষ্ঠানে ইংরেজি বিভাগের কারিকুলামকে সময়োপযোগী করা, গ্র্যাজুয়েটদের কর্মসংস্থানযোগ্যতা বৃদ্ধি, যোগাযোগ ও নেতৃত্বের দক্ষতা উন্নয়ন এবং কর্মক্ষেত্রের প্রয়োজনের সঙ্গে একাডেমিক শিক্ষার সমন্বয় নিয়ে বাস্তবভিত্তিক বিভিন্ন সুপারিশ উঠে আসে।

আয়োজকদের মতে, সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সরাসরি অংশগ্রহণে ইংরেজি শিক্ষার ভবিষ্যৎ ও গ্র্যাজুয়েটদের কর্মসংস্থান নিয়ে এ ধরনের উদ্যোগ সিলেটে প্রথম। এর মাধ্যমে শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানের পাশাপাশি ২১ শতকের কর্মক্ষেত্রের বাস্তব চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় পেশাগত দক্ষতা অর্জনের পথ আরও সুগম হবে।
মেট্রোপলিটন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের এ উদ্যোগ শুধু সিলেট নয়, দেশের অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও শিল্পখাতের মধ্যেও কার্যকর ও টেকসই অংশীদারত্ব গড়ে তোলার ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
আয়োজকরা জানান, ইংরেজি শিক্ষা ও পেশাজগতের মধ্যে আরও শক্তিশালী সেতুবন্ধন গড়ে তোলার লক্ষ্যে এই আয়োজন। আমরা আশাকরি একটি নতুন যাত্রার সূচনা হলো।















