শ্রীমঙ্গলে শুরু হয়েছে বইপড়া উৎসব
- আপডেট সময় : ০২:৫০:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
- / 111
‘বই পড়ি, মন গড়ি’-এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শুরু হয়েছে ‘শ্রীমঙ্গল বইপড়া উৎসব ২০২৬’। গত ২১ জুলাই শুরু হওয়া এ উৎসবে উপজেলার মাধ্যমিক ও তদূর্ধ্ব ৩৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২৫ হাজার শিক্ষার্থী অংশ নিচ্ছে। উৎসবে শিক্ষার্থীদের জন্য নির্ধারণ করা হয়েছে ১৪টি বই।
উৎসবের প্রথম ধাপ ‘মুকুল পর্বে’ শিক্ষার্থীদের বই পড়ায় আগ্রহী করে তুলতে গতকাল রোববার উপজেলার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানে উদ্বুদ্ধকরণ সমাবেশ হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এসব কর্মসূচিতে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান।
দিনব্যাপী ইউএনও ভৈরবগঞ্জ উচ্চবিদ্যালয়, সিরাজনগর জে.এস.এস.আর মাদ্রাসা, শ্রীমঙ্গল আনোয়ারুল উলুম ফাজিল মাদ্রাসা, সেন্ট মার্থাস হাইস্কুল এবং ভূনবীর দশরথ স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেন।
সমাবেশে শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি গল্প, উপন্যাস, প্রবন্ধ ও কবিতার বই পড়ার আহ্বান জানানো হয়। শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি বই পড়ার অভ্যাস গড়ে তোলার গুরুত্বও তুলে ধরেন ইউএনও।
মো. জিয়াউর রহমান বলেন, ‘শুধু পাঠ্যবইয়ের মধ্যে শিক্ষার্থীদের জ্ঞান সীমাবদ্ধ থাকলে চলবে না। নিয়মিত বই পড়ার মাধ্যমে তাদের চিন্তার জগৎ আরও বিস্তৃত হবে। সেই লক্ষ্যেই উপজেলা প্রশাসনের উদ্যোগে এ বইপড়া উৎসবের আয়োজন করা হয়েছে।’
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উৎসবের বিভিন্ন ধাপে শিক্ষার্থীদের নির্ধারিত বই পড়ানো, পাঠ-পরবর্তী কার্যক্রম এবং মূল্যায়নের ব্যবস্থা থাকবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত বই পড়ার অভ্যাস, সৃজনশীলতা ও মননশীলতা গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে।















