ছেলের সঙ্গে এসএসসি, মা-ছেলে দুজনেরই জিপিএ-৫
- আপডেট সময় : ০৩:০০:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
- / 119
সংসারের দায়িত্ব সামলে প্রায় ১৭ বছর পর আবার পড়াশোনায় ফিরেছিলেন সাদিয়া বেগম। এবার ছেলের সঙ্গে একই বছরে এসএসসি পরীক্ষা দিয়ে মা ও ছেলে দুজনেই পেয়েছেন জিপিএ-৫। রাজশাহী নগরের রাজপাড়া এলাকার এই মা-ছেলের সাফল্যে পরিবার ও স্বজনদের মধ্যে আনন্দের পরিবেশ তৈরি হয়েছে।
সাদিয়া বেগমের বিয়ে হয় প্রায় ১৯ বছর আগে। বিয়ের পর সংসার ও দুই সন্তানের দায়িত্ব সামলাতে গিয়ে পড়াশোনা থেমে যায়। তবে পড়াশোনার প্রতি আগ্রহ হারাননি তিনি। সংসারের কাজের পাশাপাশি প্রায় দুই বছর আগে ছেলের সঙ্গে এসএসসি পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেন। পরিবারের সম্মতি নিয়ে শুরু করেন নতুন করে পড়াশোনা।
চলতি বছরের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় রাজপাড়া আদর্শ মহিলা টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ থেকে অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছেন সাদিয়া।
অন্যদিকে তাঁর ছেলে তানভীর আহমেদ রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে।
সাদিয়া বলেন, ‘পড়াশোনার প্রতি আমার আগ্রহ সব সময়ই ছিল। কিন্তু বিয়ের পর সংসারের নানা দায়িত্বে পড়াশোনা চালিয়ে যেতে পারিনি। পরে ছেলের সঙ্গে পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিই। পরিবারের সহযোগিতায় প্রস্তুতি শুরু করি।’
মায়ের সঙ্গে একই পরীক্ষায় অংশ নেওয়াকে নিজের জন্য সৌভাগ্যের বলে মনে করে তানভীর। সে বলে, ‘মায়ের সঙ্গে এসএসসি পরীক্ষা দিয়ে দুজনই জিপিএ-৫ পেয়েছি। মায়ের সঙ্গে একই পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ সবার হয় না।’
তানভীর জানায়, মা যেমন নিয়মিত তার পড়াশোনার খোঁজ নিতেন, তেমনি নিজেও পড়াশোনা করতেন। অনেক সময় রাতে পাশাপাশি বসে দুজন পড়াশোনা করেছেন। নিজের ভালো ফলাফল বাবা-মাকে উৎসর্গ করে ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছার কথা জানিয়েছে সে।
মা-ছেলের সাফল্যে খুশি তাঁদের গৃহশিক্ষক আরিফুল ইসলাম। প্রায় চার বছর ধরে তিনি তানভীরকে ইংরেজি পড়ানোর পাশাপাশি সাদিয়ার পড়াশোনাতেও সহযোগিতা করেছেন।
পরিবার সূত্রে জানা গেছে, সাদিয়ার স্বামী তোফাজ্জল হোসেন একজন সরকারি কর্মকর্তা। সংসার ও সন্তানদের দায়িত্ব পালনের পাশাপাশি দীর্ঘ বিরতির পর পড়াশোনায় ফিরে এবার ছেলের সঙ্গে একই পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ অর্জন করেছেন সাদিয়া।















