এসএসসি-২০২৬ ফলাফল
স্কলার্সহোম মেজরটিলা কলেজে পাসের হার ৯৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪৯ জন
- আপডেট সময় : ১১:৫১:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
- / 148
এসএসসি পরীক্ষায় ২০২৬ সালে ভালো ফলাফলের ধারাবাহিকতা ধরে রেখেছে সিলেটের স্কলার্সহোম মেজরটিলা কলেজ। এ বছর প্রতিষ্ঠানটির ১৮২ পরীক্ষার্থীর মধ্যে ৪৯ জন জিপিএ-৫ পেয়েছে। ৯৬ জন পেয়েছে ‘এ’ গ্রেড। প্রতিষ্ঠানটির সার্বিক পাসের হার ৯৯ শতাংশ। ইংরেজি ভার্সনে পাসের হার শতভাগ।
সোমবার ফল প্রকাশের পর প্রতিষ্ঠানটির ক্যাম্পাসে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আনন্দের পরিবেশ তৈরি হয়। অধ্যক্ষ মো. ফয়জুল হক শিক্ষার্থীদের অভিনন্দন জানান।
অধ্যক্ষ বলেন, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, শিক্ষকদের আন্তরিকতা এবং অভিভাবকদের ধারাবাহিক সহযোগিতার সম্মিলিত ফল এই সাফল্য। এ অর্জনের জন্য তিনি শিক্ষার্থী ও অভিভাবক, পরিচালনা পর্ষদ, ট্রাস্টি বোর্ড, শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানান।
তিনি বলেন, ‘অর্জিত ফলাফল ধরে রেখে আগামী দিনে আরও ভালো ফলাফল অর্জন করতে চাই। এ জন্য শিক্ষার্থীদের নিয়মিত মূল্যায়ন, একাডেমিক অগ্রগতি পর্যবেক্ষণ এবং প্রয়োজন অনুযায়ী সহায়তা দেওয়া হচ্ছে।’
প্রতিষ্ঠান সূত্র জানায়, এসএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য বছরজুড়ে বিভিন্ন একাডেমিক কার্যক্রম পরিচালনা করা হয়। পরীক্ষার আগে একাধিক মডেল টেস্টের পাশাপাশি শিক্ষার্থীদের প্রস্তুতি ও অগ্রগতি নিয়মিত মূল্যায়ন করা হয়েছে। অপেক্ষাকৃত দুর্বল শিক্ষার্থীদের চিহ্নিত করে বিশেষ ক্লাস ও অতিরিক্ত একাডেমিক সহায়তা দেওয়া হয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, একাডেমিক কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা, নৈতিক মূল্যবোধ, নেতৃত্ব বিকাশ ও সৃজনশীলতার ওপরও গুরুত্ব দেওয়া হয়। এ জন্য সাংস্কৃতিক, ক্রীড়া ও বিভিন্ন কো-কারিকুলার কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এসএসসি-২০২৬-এর ফলাফলকে ধারাবাহিক একাডেমিক সাফল্যের অংশ হিসেবে দেখছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের আরও ভালো ফল অর্জনের লক্ষ্যে কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছে তারা।















