শাবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ, তদন্ত কমিটি
- আপডেট সময় : ০৯:৫১:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
- / 96
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষকদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী গোপন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে বিগত সরকারের সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে কোনো শিক্ষক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হুমকি, নিপীড়ন বা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না, তা-ও তদন্ত করবে কমিটি।
রোববার (৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ সলিম মোহাম্মদ আবদুল কাদির স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়েছে, সম্প্রতি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের রাষ্ট্রবিরোধী গোপন কার্যকলাপে জড়িত থাকার বিষয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এসব প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে শাবিপ্রবির কোনো শিক্ষক এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না, তা তদন্তে কমিটি গঠন করা হয়েছে।
কমিটির আহ্বায়ক করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিমকে। সদস্যসচিব হিসেবে রয়েছেন রেজিস্ট্রার সৈয়দ সলিম মোহাম্মদ আবদুল কাদির।
কমিটির অন্য সদস্যরা হলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইসমাঈল হোসেন, গণিত বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. আশরাফ উদ্দিন, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল ফজল মোহাম্মদ জাকারিয়া এবং বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টা অ্যাডভোকেট মোহাম্মদ তাজ উদ্দিন।
অফিস আদেশ অনুযায়ী, বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি শাবিপ্রবির শিক্ষকদের সংশ্লিষ্টতার বিষয়টি তদন্ত করবে কমিটি। কোনো শিক্ষক রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করবে কমিটি।
এ ছাড়া বিগত সরকারের সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে কোনো শিক্ষক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হুমকি, নিপীড়ন কিংবা অন্য কোনোভাবে সম্পৃক্ত ছিলেন কি না, সেটিও তদন্তের আওতায় থাকবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দ্রুত তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দিতে কমিটিকে নির্দেশ দিয়েছে।















