এসএসসি-২০২৬
মুহিবুর রহমান একাডেমিতে শতভাগ পাস, জিপিএ-৫ পেয়েছে ১৭ জন
- আপডেট সময় : ১১:৫৯:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
- / 157
২০২৬ সালের এসএসসি পরীক্ষায় শতভাগ সাফল্য অর্জন করেছে সিলেটের মুহিবুর রহমান একাডেমি। প্রতিষ্ঠানটির ৭০ জন পরীক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছে। তাদের মধ্যে দুজন গোল্ডেন জিপিএ-৫ এবং ১৫ জন জিপিএ-৫ পেয়েছে। এ ছাড়া ৩৮ জন ‘এ’ এবং ১৫ জন ‘এ-মাইনাস’ গ্রেড অর্জন করেছে।
এবারের এসএসসি পরীক্ষার্থীরা ছিল মুহিবুর রহমান একাডেমির প্রতিষ্ঠাকালীন ব্যাচ। প্রতিষ্ঠালগ্নে একাডেমিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের সবাই সাফল্যের সঙ্গে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
ফলাফলে সন্তোষ প্রকাশ করে মুহিবুর রহমান একাডেমির চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ মুহিবুর রহমান ও রেক্টর সালমা খানম চৌধুরী কৃতী শিক্ষার্থীদের পাশাপাশি সব শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
তাঁরা বলেন, প্রতিষ্ঠানের প্রথম ব্যাচের শিক্ষার্থীদের এই অর্জন একাডেমির জন্য যেমন আনন্দ ও গর্বের, তেমনি শিক্ষার্থীদের আগামী দিনের পথচলায় আরও আত্মবিশ্বাসী করবে। ভবিষ্যতে তারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও বড় সাফল্য অর্জন করবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
প্রতিষ্ঠানটির প্রথম ব্যাচের শিক্ষার্থীদের শতভাগ উত্তীর্ণ হওয়ার এই ফলাফলকে একাডেমির শিক্ষার মান ও একাডেমিক কার্যক্রমের একটি ইতিবাচক সূচনা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।















