ভিকারুননিসায় এসএসসিতে ফেল ৪৩, জিপিএ-৫ পেয়েছে ১,১১৫ জন
- আপডেট সময় : ১০:১১:১১ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
- / 186
রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া ২ হাজার ১১৬ জন শিক্ষার্থীর মধ্যে ৪৩ জন অকৃতকার্য হয়েছে। পাস করেছে ২ হাজার ৭৩ জন। এ হিসাবে প্রতিষ্ঠানটির পাসের হার ৯৭ দশমিক ৯৭ শতাংশ। এবার প্রতিষ্ঠানটি থেকে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ১১৫ জন শিক্ষার্থী।
সোমবার (১০ আগস্ট) এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর প্রতিষ্ঠানটির ফলাফল বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে।
এবার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষার জন্য ফরম পূরণ করেছিল ২ হাজার ১২৭ জন শিক্ষার্থী। তাদের মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ২ হাজার ৭৬ জন এবং অনিয়মিত ৫১ জন। ফরম পূরণ করেও ১১ জন পরীক্ষায় অংশ নেয়নি। ফলে চূড়ান্তভাবে পরীক্ষায় অংশ নেয় ২ হাজার ১১৬ জন।
বিজ্ঞানে জিপিএ-৫ বেশি
বিজ্ঞান বিভাগে এবার সবচেয়ে বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এ বিভাগ থেকে ১ হাজার ৮৭৪ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১ হাজার ৮৪৩ জন। অকৃতকার্য হয়েছে ৩১ জন। পাসের হার ৯৮ দশমিক ৩৪ শতাংশ।
বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৯৮ জন, যা প্রতিষ্ঠানটির মোট জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর বড় অংশ।
মানবিকে পাসের হার ৯২.৭৩ শতাংশ
মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেয় ৫৫ জন শিক্ষার্থী। তাঁদের মধ্যে ৫১ জন পাস করেছে এবং চারজন অকৃতকার্য হয়েছে। এ বিভাগে পাসের হার ৯২ দশমিক ৭৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে দুজন।
ব্যবসায় শিক্ষায় পাস ৯৫.৭২ শতাংশ
ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেয় ১৮৮ জন। তাঁদের মধ্যে ১৭৯ জন পাস করেছে এবং আটজন অকৃতকার্য হয়েছে। এ বিভাগে পাসের হার ৯৫ দশমিক ৭২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৫ জন।
‘সারাদেশের ফল খারাপ, প্রভাব কিছুটা পড়েছে’
প্রতিষ্ঠানের ফলাফল সম্পর্কে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম বলেন, এবার সারাদেশেই এসএসসি পরীক্ষার ফলাফল তুলনামূলক খারাপ হয়েছে। এর কিছুটা প্রভাব তাঁদের প্রতিষ্ঠানেও পড়েছে।
তবে গত কয়েক বছরের ফলাফলের ধারাবাহিকতায় এবার বড় ধরনের ছেদ ঘটেনি বলেও মন্তব্য করেন তিনি।















