২০০ পরীক্ষার্থীর সবাই পাস, জিপিএ-৫ পেয়েছে ১৪২ জন
জিপিএ-৫-এর খরায় উজ্জ্বল স্কলার্সহোম শাহী ঈদগাহ
- আপডেট সময় : ১১:৩৮:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
- / 117
সিলেট শিক্ষা বোর্ডে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে যেখানে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে বড় ধরনের পতন ঘটেছে, সেখানে উজ্জ্বল ফলাফল করেছে স্কলার্সহোম শাহী ঈদগাহ ক্যাম্পাস। এ বছর প্রতিষ্ঠানটির ২০০ পরীক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছে। তাদের মধ্যে ১৪২ জন জিপিএ-৫ পেয়েছে। অর্থাৎ প্রতিষ্ঠানটির জিপিএ-৫ প্রাপ্তির হার ৭১ শতাংশ।
সিলেট শিক্ষা বোর্ডে এ বছর গড় পাসের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ এবং জিপিএ-৫ প্রাপ্তির হার ৪ দশমিক ২৯ শতাংশ। বোর্ডের সামগ্রিক ফলাফলের তুলনায় স্কলার্সহোম শাহি ঈদগাহ ক্যাম্পাসের এই ফলাফল ব্যতিক্রমী বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ফল প্রকাশের পর প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়।
স্কলার্সহোম শাহী ঈদগাহ ক্যাম্পাসের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মুনীর আহমেদ কাদেরী (অব.) ক্যাম্পাস কন্ঠকে বলেন, ‘শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, অভিভাবকদের সচেতনতা এবং শিক্ষকদের নিবিড় ও আন্তরিক পাঠদানের সম্মিলিত প্রচেষ্টায় এই সাফল্য অর্জিত হয়েছে। বোর্ডের গড় ফলাফলের তুলনায় আমাদের শিক্ষার্থীদের এই ফলাফল তাদের মেধা ও পরিশ্রমেরই প্রতিফলন।’
তিনি উত্তীর্ণ সব শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।
প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, গত কয়েক বছর ধরেও এসএসসি পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডের শীর্ষস্থানীয় ফলাফলের ধারাবাহিকতা ধরে রেখেছে স্কলার্সহোম শাহি ঈদগাহ ক্যাম্পাস। শিক্ষার মান, নিয়মিত পাঠদান ও শিক্ষার্থী-অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টায় এই সাফল্য ধরে রাখার চেষ্টা চলছে।















