ছাতকের ব্রিজ একাডেমিতে এসএসসিতে শতভাগ পাস
- আপডেট সময় : ০৮:৩৩:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
- / 151
সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জের ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠান ব্রিজ একাডেমি এসএসসি ও সমমানের পরীক্ষায় শতভাগ সাফল্য অর্জন করেছে। এ সাফল্যের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি ধারাবাহিক সাফল্যের ধারা অব্যাহত রেখেছে।
এ বছর প্রতিষ্ঠানটির ইংরেজি ভার্সন থেকে মোট ১৪ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের সবাই কৃতকার্য হয়েছে। এর মধ্যে জিপিএ-৫ (এ+) পেয়েছে দুজন, ‘এ’ গ্রেড পেয়েছে ১০ জন, ‘এ-’ গ্রেড একজন এবং ‘বি’ গ্রেড পেয়েছে একজন শিক্ষার্থী।
শতভাগ পাসের ফলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ বিরাজ করছে।
ব্রিজ একাডেমির চেয়ারম্যান ও শিক্ষাবিদ আইয়ুব করম আলী বলেন, “শিক্ষার মান উন্নয়নে আমরা শুরু থেকেই বদ্ধপরিকর। শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও মানসম্মত পাঠদানের ফলেই এই শতভাগ সাফল্য অর্জন সম্ভব হয়েছে।” তিনি উত্তীর্ণ শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান।
প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মোস্তাক আহমেদ বলেন, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম ও নিয়ম-শৃঙ্খলা, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা এবং অভিভাবকদের সহযোগিতার ফলে এ সাফল্য এসেছে। ভবিষ্যতেও এ সাফল্যের ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।















