বড়লেখায় ৫০০ টাকা মজুরির দাবিতে চা শ্রমিকদের গণবিক্ষোভ
- আপডেট সময় : ১২:৪৩:১৬ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
- / 172
মৌলভীবাজারের বড়লেখায় দৈনিক ৫০০ টাকা মজুরি বাস্তবায়ন, ন্যায্য শ্রম অধিকার নিশ্চিত করা এবং শ্রম অধিদপ্তরের হস্তক্ষেপমুক্ত অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন আয়োজনের দাবিতে মানববন্ধন ও গণবিক্ষোভ করেছেন চা শ্রমিকরা।
শনিবার (৮ আগস্ট) সকালে উপজেলার নিউ সমনবাগ চা বাগানের প্রধান কার্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নিউ সমনবাগ চা বাগান ও মোকাম ডিভিশনের বিপুলসংখ্যক নারী-পুরুষ চা শ্রমিক, ছাত্র ও যুবক অংশ নেন। এ সময় শ্রমিকরা বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করে স্লোগান দেন।
নিউ সমনবাগ চা বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি নারায়ণ কালোয়ারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাঙ্গাচরণ সাঁওতালের সঞ্চালনায় গণবিক্ষোভ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, দেশের চা শিল্প ও জাতীয় অর্থনীতিতে চা শ্রমিকদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। অথচ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে বর্তমান মজুরিতে পরিবার নিয়ে জীবনযাপন করা কঠিন হয়ে পড়েছে। জাতীয় সংসদে চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণের বিষয়টি আলোচনায় এলেও তা এখনো বাস্তবায়িত হয়নি। দ্রুত এ সিদ্ধান্ত কার্যকর করার জন্য সরকারের প্রতি দাবি জানান তারা।
বক্তারা আরও অভিযোগ করেন, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কার্যক্রম ও নির্বাচন প্রক্রিয়ায় শ্রম অধিদপ্তরের অযাচিত হস্তক্ষেপ শ্রমিকদের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন করছে। তাই শ্রম অধিদপ্তরের হস্তক্ষেপমুক্ত পরিবেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের দাবি জানান তারা।
সমাবেশে অংশ নেওয়া শ্রমিকরা বলেন, দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রম করেও তারা ন্যায্য মজুরি থেকে বঞ্চিত। তাদের প্রধান দাবি-দৈনিক ৫০০ টাকা মজুরি বাস্তবায়ন। পাশাপাশি সাংগঠনিক ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
গণবিক্ষোভে ‘দুনিয়ার মজদুর এক হও, এক হও’ এবং ‘বাংলাদেশের চা শ্রমিক ঐক্যবদ্ধ হও’সহ বিভিন্ন স্লোগানে বাগান এলাকা মুখরিত হয়ে ওঠে। সমাবেশ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত দৈনিক ৫০০ টাকা মজুরি কার্যকর এবং চা শ্রমিকদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইউপি সদস্য সুজিত কানু, সাবেক ইউপি সদস্য মতিলাল ঘাটুয়ার ও বুটন রিকমুন, সমনবাগ চা বাগান পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক রাঙ্গাচরণ সাঁওতাল, সহসাধারণ সম্পাদক স্বপন চাষা, মোকাম ডিভিশন পঞ্চায়েত কমিটির সভাপতি ফজল তাঁতি ও সাধারণ সম্পাদক চৈতন সাহা।
এ ছাড়া সমনবাগ চা বাগানের নারী শ্রমিক নেত্রী মনিমিতা বাকতি ও সিলা রিকমুন এবং মোকাম ডিভিশনের নারী নেত্রী জানকি গড়াইতসহ পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দ, ছাত্র-যুবক ও বিভিন্ন শ্রেণি-পেশার চা শ্রমিকরা কর্মসূচিতে অংশ নেন।















