কুলাউড়ার ভাটেরা স্টেশন বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১২:২০:১২ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
- / 166
মাদক, জুয়া, নারী ও শিশু নির্যাতন, চুরি-ডাকাতি, ছিনতাই, বাল্যবিবাহ এবং সাইবার অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা স্টেশন বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যায় ভাটেরা স্টেশন বাজারে কুলাউড়া থানা পুলিশ ও ভাটেরা স্টেশন বাজার বণিক সমিতির যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। এতে স্থানীয় ব্যবসায়ী, জনপ্রতিনিধি, শিক্ষাবিদ, গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
ভাটেরা স্টেশন বাজার বণিক সমিতির সভাপতি আকমল হোসেন তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হৃদয় আহমদ সদরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভাটেরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইদুল ইসলাম পাখি, ভাটেরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইব্রাহিম আলী, কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) ও সংশ্লিষ্ট বিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আফসার ভূঁইয়া, ভাটেরা ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল করিম এবং ইউপি সদস্য শাহ আব্দুল লতিফ।
প্রধান অতিথির বক্তব্যে ওসি শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, সুদ-জুয়া, চুরি, সন্ত্রাস, কিশোর গ্যাং, নারী নির্যাতন, ইভটিজিং, বাল্যবিবাহ, মোবাইলভিত্তিক অনলাইন জুয়া (ক্যাসিনো) এবং সাইবার অপরাধ দমনে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে এবং জনসম্পৃক্ততা বাড়াতে বিট পুলিশিং কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
সভাপতির বক্তব্যে আকমল হোসেন তালুকদার বলেন, বিট পুলিশিংয়ের মাধ্যমে সাধারণ মানুষ পুলিশের সঙ্গে আরও নিবিড়ভাবে সম্পৃক্ত হওয়ার সুযোগ পাচ্ছেন। এতে সহজেই তথ্য আদান-প্রদান ও প্রয়োজনীয় সেবা গ্রহণ সম্ভব হচ্ছে, যা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছে।
সভায় জানানো হয়, প্রতিটি বিটে একজন সাব-ইন্সপেক্টর দায়িত্ব পালন করছেন। তারা নিয়মিত এলাকাভিত্তিক সভা, মাদক ও সন্ত্রাসবিরোধী প্রচারণা এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছেন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ভবিষ্যতেও এসব কার্যক্রম আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করা হয়।
















