স্বদেশ প্রত্যাবর্তনে আব্দুল লতিফকে সম্মাননা ও কৃতী শিক্ষার্থীদের ক্রেস্ট,সনদ প্রদান
- আপডেট সময় : ০৭:২৬:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
- / 88
মৌলভীবাজারের বড়লেখায় শিশু শিক্ষা একাডেমির পরিচালনা কমিটির অন্যতম সদস্য আব্দুল লতিফের স্বদেশ আগমন উপলক্ষে সংবর্ধনা, সরকারি ও বেসরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা এবং রচনা প্রতিযোগিতায় তিনটি বিভাগে প্রথম থেকে তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (০৮ আগস্ট) বেলা ১২ টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি খলিলুর রহমান সভাপতিত্ব করেন। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক আব্দুল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বড়লেখা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইশরাত রেবিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বড়লেখা পৌরসভার মেয়র পদপ্রার্থী খিজির আহমদ, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক তারেক আহমদ এবং অর্থ সম্পাদক ফখরুল ইসলাম পারুল।

প্রধান অতিথি এমাদুল ইসলাম বলেন, “শিশুদের মেধা ও সৃজনশীলতা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের লেখাপড়া ও নৈতিক শিক্ষার প্রতি গুরুত্বারোপ করতে হবে এবং শিশুদের মেধা বিকাশে পরিবার ও শিক্ষকদের সমন্বিত ভূমিকা রাখতে হবে।
শিশু শিক্ষা একাডেমি বড়লেখার শিক্ষা ক্ষেত্রে প্রশংসনীয় অবদান রেখে চলেছে।”
অনুষ্ঠানের শেষপর্বে আব্দুল লতিফকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। একই সঙ্গে সরকারি ও বেসরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ৫ শিক্ষার্থী এবং রচনা প্রতিযোগিতার তিনটি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
- রেদওয়ান / ষাটমাকন্ঠ
























