সিলেট থেকে মাস্কাট, আট বছর পর ফিরছে বিদেশি এয়ারলাইনস
- আপডেট সময় : ০৯:৩১:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
- / 60
প্রায় আট বছর পর সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আবারও বিদেশি কোনো এয়ারলাইনসের নিয়মিত ফ্লাইট চালু হচ্ছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে ওমানের বেসরকারি বিমান সংস্থা সালামএয়ার সিলেট-মাস্কাট রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করবে। এর মাধ্যমে দীর্ঘ বিরতির পর ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশি এয়ারলাইনসের বাণিজ্যিক কার্যক্রম পুনরায় শুরু হচ্ছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ ও ট্রাভেল খাতসংশ্লিষ্টরা বলছেন, নতুন এ রুট চালু হলে ওমানে বসবাসরত বিপুলসংখ্যক সিলেটি প্রবাসীর যাতায়াত সহজ ও তুলনামূলক সাশ্রয়ী হবে। একই সঙ্গে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ওসমানীর কার্যকারিতা ও সম্ভাবনাও আরও বিস্তৃত হবে।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ জানান, প্রাথমিকভাবে সপ্তাহে তিন দিন সিলেট-মাস্কাট রুটে ফ্লাইট পরিচালনা করবে সালামএয়ার। সরাসরি এ সেবা চালু হলে যাত্রীদের সময় ও ভ্রমণ ব্যয়-দুটিই কমবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সালামএয়ারের সিলেট এরিয়া ইনচার্জ সেলিম আল রাজি জানান, বর্তমানে মধ্যপ্রাচ্য, আফ্রিকা, ভারতীয় উপমহাদেশ ও ইউরোপের ৩৮টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে এয়ারলাইনটি। বাংলাদেশ থেকে প্রতি সপ্তাহে মোট ২৪টি ফ্লাইট পরিচালিত হবে। এর মধ্যে চট্টগ্রাম থেকে ১৪টি, ঢাকা থেকে সাতটি এবং সিলেট থেকে তিনটি ফ্লাইট পরিচালনা করা হবে।
আন্তর্জাতিক বিমানবন্দরের মর্যাদা থাকলেও দীর্ঘদিন বিদেশি কোনো এয়ারলাইনসের নিয়মিত ফ্লাইট ছিল না ওসমানীতে। এ সময়ের মধ্যে রানওয়ে সম্প্রসারণ, নতুন টার্মিনাল ভবন, আধুনিক কার্গো ওয়্যারহাউসসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন সম্পন্ন হলেও বিদেশি এয়ারলাইনসের অনুপস্থিতিতে বিমানবন্দরটির আন্তর্জাতিক সক্ষমতা পুরোপুরি কাজে লাগানো সম্ভব হয়নি।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশি এয়ারলাইনসের যাত্রা শুরু হয়েছিল ২০১৫ সালের ১ এপ্রিল। সে সময় দুবাইভিত্তিক ফ্লাই দুবাই সিলেট-দুবাই রুটে ফ্লাইট পরিচালনা শুরু করে। শুরুতে সপ্তাহে পাঁচ দিন এবং পরে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করলেও পরিচালনাগত কারণে ২০১৮ সালের সেপ্টেম্বরে সংস্থাটি কার্যক্রম বন্ধ করে দেয়। এরপর প্রায় আট বছর বিদেশি কোনো এয়ারলাইনস ওসমানী থেকে নিয়মিত ফ্লাইট পরিচালনা করেনি।
তবে পরিস্থিতি বদলাতে শুরু করেছে। সরকারি উদ্যোগে আবারও বিদেশি এয়ারলাইনসকে আকৃষ্ট করার প্রচেষ্টা চলছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে আরও কয়েকটি বিদেশি এয়ারলাইনস ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনা করছে।
বর্তমানে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লন্ডন, ম্যানচেস্টার, সৌদি আরব, কাতার, ওমান, শারজাহ ও আবুধাবি রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করছে। পাশাপাশি ইউএস-বাংলা এয়ারলাইন্সও সৌদি আরবের মক্কা ও মদিনা রুটে ফ্লাইট চালুর প্রস্তুতি নিচ্ছে।
এদিকে ফ্লাই দুবাইও পুনরায় সিলেট-দুবাই রুটে ফিরতে আগ্রহ প্রকাশ করেছে। জাতীয় সংসদে বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা জানিয়েছেন, ফ্লাই দুবাইয়ের ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে সরকার নীতিগতভাবে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেবে। একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক এয়ার আরাবিয়াও সিলেট-দুবাই রুটে ফ্লাইট চালুর প্রস্তুতি নিচ্ছে। ট্রাভেল খাতসংশ্লিষ্টদের ধারণা, সবকিছু অনুকূলে থাকলে চলতি বছরের শেষ দিকে বা আগামী বছরের শুরুতে এ দুটি সংস্থার ফ্লাইটও চালু হতে পারে।
সম্প্রতি সিলেট-ম্যানচেস্টার রুটে ফ্লাইট পুনরায় চালুর অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেন, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে একটি কার্যকর আন্তর্জাতিক হাবে পরিণত করতে সরকার কাজ করছে। ভবিষ্যতে ভারত-বাংলাদেশ সম্পর্ক আরও ইতিবাচক হলে সিলেট-গুয়াহাটি রুটে সরাসরি ফ্লাইট চালুরও সুযোগ তৈরি হতে পারে। এতে আঞ্চলিক যোগাযোগ, বাণিজ্য ও পর্যটনে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে।


























