কুলাউড়ার টিলাগাঁও ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান–সদস্যদের বিরোধের নিষ্পত্তি
- আপডেট সময় : ০২:৪১:২১ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
- / 76
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আব্দুল বাছিত ও কয়েকজন ইউপি সদস্যের মধ্যে সৃষ্ট বিরোধের নিষ্পত্তি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সোমবার (৩ আগস্ট) সকালে টিলাগাঁও বাজার এলাকায় অনুষ্ঠিত এক বৈঠকে ইউনিয়ন পরিষদের সদস্য এবং টিলাগাঁও ইউনিয়ন বিএনপির নেতাদের উপস্থিতিতে বিরোধের অবসান হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন টিলাগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আব্দুল বাছিত, টিলাগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী আব্বাছ আলী, সাবেক আহ্বায়ক সৈয়দ গোলাম আজমল হোসেন, সাধারণ সম্পাদক মুহিবুর রহমান ছয়ফুল, সাংগঠনিক সম্পাদক মখলিছুর রহমান এবং ইউপি সদস্য তছবির আলী ফয়জুল, সোহেল আহমদ মাসুদ, আব্দুল বাছিত ফজলু, মো. কয়ছর রশিদ, ফটিক আলী, জুনাব আলী, আজিজ বেগ ও মিঠুন কালোয়ারসহ অন্যরা।
এর আগে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আব্দুল বাছিতের বিরুদ্ধে হোল্ডিং ট্যাক্সের অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন পরিষদের কয়েকজন সদস্য। একই অভিযোগের বিষয়ে গত ১ আগস্ট ইউনিয়ন পরিষদে সংবাদ সম্মেলন করেন ইউপি সদস্য সোহেল আহমদ মাসুদ, মো. কয়ছর রশিদ ও আব্দুল আজিজ বেগ।
বিরোধ নিষ্পত্তির পর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আব্দুল বাছিত বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি পরিষদের সদস্য ও ইউনিয়নবাসীর পরামর্শে পরিষদের কার্যক্রম পরিচালনা করে আসছেন। তিনি জানান, ২০২৪ সালের ১৫ ডিসেম্বর প্যানেল চেয়ারম্যান-১ হিসেবে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন।
তিনি দাবি করেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ বৈঠকে উপস্থিত পরিষদের সদস্য ও স্থানীয় বিএনপির নেতাদের আলোচনায় নিষ্পত্তি হয়েছে এবং অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তিনি আরও বলেন, সংবাদ সম্মেলনের পর সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত অভিযোগগুলো তার মতে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
আব্দুল বাছিতের ভাষ্য, দায়িত্ব গ্রহণের পর থেকেই একটি স্বার্থান্বেষী মহল তাকে বিতর্কিত করার চেষ্টা করছে। তিনি বলেন, ইউনিয়নের ৪৪টি গ্রামের জনগণ ও পরিষদের সদস্যদের সহযোগিতায় উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও সবার মতামতের ভিত্তিতে পরিষদের কার্যক্রম পরিচালনা করবেন।

























