কুলাউড়ায় অবৈধ বালু বিক্রির দায়ে ইউপি সদস্যকে জরিমানা, একজনের কারাদণ্ড
- আপডেট সময় : ০২:০২:২৭ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
- / 68
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের চাতলাপুর এলাকায় মনু নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, মজুদ ও পরিবহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় এক ইউপি সদস্য ও তাঁর ছেলেকে অর্থদণ্ড এবং অপর এক ব্যক্তিকে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি সরকারি রাস্তা দখলমুক্ত করে সড়কের সীমানা নির্ধারণ (ডিমার্কেশন) করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার চাতলাপুর এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে শরীফপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য লাল মিয়া ও তাঁর ছেলেকে মনু নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন এবং নিজ বাড়িতে বালু মজুদ রাখার দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া মো. মাসুম মিয়াকে অবৈধভাবে বালু পরিবহনের দায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযানকালে পূর্বে জব্দ করা বালুর সঙ্গে নতুন করে জব্দ হওয়া বালুও স্থানীয় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়। একই সময়ে সরকারি রাস্তা দখলমুক্ত করে সড়কের সীমানা নির্ধারণ করে দেয় প্রশাসন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস ষাটমাকন্ঠকে জানান, মনু নদীসহ উপজেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলন, মজুদ ও পরিবহনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ ও সরকারি সম্পদ রক্ষায় কোনো ধরনের অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, জব্দ করা বালু জেলা প্রশাসকের সঙ্গে পরামর্শক্রমে প্রচলিত বিধি অনুযায়ী নিলামের মাধ্যমে বিক্রির ব্যবস্থা করা হবে।

























